
নিউজ ডেস্কঃ বগুড়ায় রেললাইন দখল করে গড়ে ওঠা প্রায় ৫ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। আজ সোমবার (০৫ সেপ্টেম্বর) রেলওয়ে রাজশাহী বিভাগীয় পশ্চিমাঞ্চল রেলওয়ে প্রধান ভূ-সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ড. আব্দুল মান্নানে নেতৃত্বে বগুড়া রেল স্টেশন থেকে পূর্বদিকে করতোয়া ব্রিজ পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকায় এই অভিযান চালানো হয়।
স্থানীয়রা জানায়, বগুড়া রেলওয়ে স্টেশনের পূর্বদিকে গত কয়েক বছর ধরে স্থানীয়রা ৫ শতাধিক দোকান বসাতো। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত স্থায়ী বলে এই মার্কেটকে সকলেই বলতো হঠাৎ মার্কেট। রেল লাইনের মাঝে মাটি ভরাট করে রীতিমতো বাঁশের খুঁটি ও ত্রিপল টানিয়ে ব্যবসা পরিচালনা করতো এখানকার ব্যবসায়ীরা। এই মার্কেটের ফলে রেলের সিগন্যাল ব্যাহত ও ট্রেন চলাচলে বিঘ্ন ঘটতো।
আজ সকাল থেকে রাজশাহী বিভাগীয় পশ্চিমাঞ্চল রেলওয়ে প্রধান ভূ-সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ড. আব্দুল মান্নানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মো. শামসুজ্জোহা, বিভাগীয় স্টেট কর্মকর্তা রেজোওয়ানুল হক, কোর্ট ইন্সপেক্টর শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। রেলওয়ে নিরাপত্তাবাহিনী (আরএনবি), আর্মড পুলিশ ব্যাটালিয়ন সহ পুলিশ বাহিনীর সদস্যরা উচ্ছেদ অভিযানে অংশ নেন।