
নিউজ ডেস্কঃ সবার বিশ্ববিদ্যালয়ে যাওয়ার দরকার নেই বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান। বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) মিলনায়তনে উচ্চশিক্ষার মান নিশ্চিতকরণ বিষয়ে আয়োজিত এক কর্মশালায় তিনি এ কথা বলেন।
‘কোয়ালিটি অ্যাসুরেনস ইন হায়ার এডুকেশন’ নামের এই কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেনস সেলের (আইকিউএসি) আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ ছাড়া আইকিউএসির ওয়েবসাইটেরও উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান বলেন, উচ্চশিক্ষার মান নিশ্চিতকরণে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের আগেই পদক্ষেপ নিয়েছে ইউল্যাব। শুধু শিক্ষা নয়, জীবনের সব ক্ষেত্রেই মান নিশ্চিত করা খুবই গুরুত্বপূর্ণ। উচ্চশিক্ষা গ্রহণের হার দিন দিন বাড়ছে মন্তব্য করে তিনি বলেন, সবার বিশ্ববিদ্যালয়ে যাওয়ার দরকার নেই। আরও বিকল্প আছে। কারিগরি শিক্ষার প্রসার ঘটানো প্রয়োজন। বিদেশে কাজ করার ক্ষেত্রে এ ব্যাপারে বাংলাদেশের বিরাট সুযোগ রয়েছে।
সাম্প্রতিক জঙ্গিবাদ নিয়ে অধ্যাপক আবদুল মান্নান বলেন, বাংলাদেশে জঙ্গিবাদ বাড়ছে। এ জন্য শিক্ষক-শিক্ষার্থীদের কোনো দোষ নেই। শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ ভালো থাকলে কেউ জঙ্গি হবে না। এ জন্য ভালো পরিবেশ নিশ্চিত করার তাগাদা দেন তিনি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ইমরান রহমান। উচ্চশিক্ষার মান নিশ্চিতকরণ বিষয়ে বিশেষ প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কোয়ালিটি অ্যাসুরেনস ইউনিটের প্রধান অধ্যাপক ড. মেসবাহউদ্দিন আহমেদ। এ ছাড়া ইউজিসির কোয়ালিটি অ্যাসুরেনস স্পেশালিস্ট ড. এম আবুল কাশেম ও অধ্যাপক ড. সঞ্জয় কুমার অধিকারী ভিন্ন বিষয়ে দুটি প্রবন্ধ উপস্থাপন করেন।
অনুষ্ঠানে ইউল্যাবের সহ-উপাচার্য অধ্যাপক এইচ এম জহিরুল হক, আইকিউএসির পরিচালক অধ্যাপক জুড উইলিয়াম হেনিলোসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিভিন্ন স্তরের কর্মীরা উপস্থিত ছিলেন।