
নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন উপলক্ষে সার্বিক বিষয় নিয়ে দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ এবং সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক-সদস্যসচিবদের যৌথসভা ডেকেছেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। আগামী ৬ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই যৌথসভা অনুষ্ঠিত হবে।
আজ বৃহস্পতিবার বিকেলে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ এবং সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও সদস্যসচিবদের সভায় যথাসময়ে উপস্থিত থাকার জন্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বিনীত অনুরোধ জানিয়েছেন।
আগামী ২২ ও ২৩ অক্টোবর আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
গঠনতন্ত্র উপকমিটির সভা: সম্মেলনকে সফল করার লক্ষ্যে আগামী ৪ সেপ্টেম্বর রোববার বেলা সাড়ে ১১টায় আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে গঠনতন্ত্র উপকমিটির এক সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন গঠনতন্ত্র উপকমিটির আহ্বায়ক এবং আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আবদুর রাজ্জাক। গঠনতন্ত্র উপকমিটির সদস্যসচিব আফজাল হোসেন উক্ত সভায় সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন।
স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা উপকমিটির সভা: ২০তম জাতীয় সম্মেলনকে সফল করার লক্ষ্যে ৫ সেপ্টেম্বর সকাল ১১টায় আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা উপকমিটির সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা উপকমিটির আহ্বায়ক এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ। স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা উপকমিটির সদস্যসচিব এবং আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব আ ফ ম বাহাউদ্দিন নাছিম সভায় সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন।