News71.com
 Bangladesh
 01 Sep 16, 07:52 PM
 319           
 0
 01 Sep 16, 07:52 PM

জাতীয় স্বার্থে যে কারো ডাকে সাড়া দেবে ‘বিকল্প ধারা’ ।।

জাতীয় স্বার্থে যে কারো ডাকে সাড়া দেবে ‘বিকল্প ধারা’ ।।

নিউজ ডেস্কঃ জঙ্গিবাদের সংকট মোকাবিলায় সবাই মিলে জাতীয় কৌশল গ্রহণ করার আহ্বান জানিয়েছে বিকল্প ধারা। দলটি বলেছে, জাতীয় স্বার্থে যে কোনো দল থেকে ডাক পেলে বিকল্প ধারা অবশ্যই সাড়া দেবে।


আজ বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে এই অবস্থান তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে বিকল্প ধারার প্রেসিডেন্ট এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী (বি চৌধুরী) জঙ্গিবাদের উত্থানকে জাতীয় সংকট আখ্যা দিয়ে বলেন, এমন সংকটে রাজনৈতিক দোষারোপের ঊর্ধ্বে উঠতে হবে। শুধু দলীয় ব্যক্তি নয়, সমস্ত জনগণের কাছে যেতে হবে। সবাই মিলে এ ব্যাপারে জাতীয় কৌশল গ্রহণ করতে হবে।


সংশ্লিষ্ট বিষয়ে বি চৌধুরী বলেন, পরিস্থিতি মোকাবিলায় সবচেয়ে গুরুত্বপূর্ণ পক্ষ হচ্ছে সরকার। সরকার কয়েকটি ক্ষেত্রে সাফল্য অর্জন করেছে। কিন্তু জঙ্গিদের বড় নেতাদের জীবিত না পাওয়া পর্যন্ত তাদের মূল পরিকল্পনা উদ্‌ঘাটন করা কঠিন হবে। সরকার রাজনৈতিক বিরোধী দলকে ঐক্য প্রক্রিয়ায় শরিক করতে রাজি নয়। সরকারকে বুঝতে হবে দেশের ভোটারদের একটি বড় অংশের মানুষ এখনো বিরোধী দলের পাশে আছে। তাদের বাদ দিয়ে ঐক্য প্রক্রিয়া সম্পূর্ণ হবে কি না তা সরকারের পুনর্বিবেচনা করা উচিত।


বি চৌধুরী আরো বলেন, বিরোধী দলগুলোর যেভাবে জনগণের কাছে যাওয়া উচিত ছিল তা এখনো করতে পারেনি। সরকারও বিরোধী দলের শক্তিকে রাজনৈতিক কৌশলের মাধ্যমে এই সংকটে আরো কাজে লাগাতে পারত। তিনি সরকারকে দ্রুত এবং দৃঢ় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।


বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ঐক্যের আহ্বানের পর কোনো আলোচনা বা বিএনপির পক্ষ থেকে কোনো প্রস্তাব পেয়েছেন কি না—এমন প্রশ্নের জবাবে বি চৌধুরী বলেন, তারা এ ধরনের কোনো প্রস্তাব পাননি। ড. কামাল হোসেনের ঐক্য প্রক্রিয়া সম্পর্কেও তাদের সঙ্গে কোনো আলোচনা হয়নি।
আরেক প্রশ্নের জবাবে বিকল্প ধারার মহাসচিব আবদুল মান্নান বলেন, জাতীয় স্বার্থে কোনো দল থেকে ডাক পেলে তারা অবশ্যই সাড়া দেবেন। যে কোনো দল বা ব্যক্তির সঙ্গে যেকোনো সময় আলোচনার জন্য তারা প্রস্তুত আছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন