
নিউজ ডেস্ক: মানিকগঞ্জে এক স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় ৩ জনকে কারাদণ্ড দিয়েছে আদালত। এর মধ্যে ১ জনের যাবজ্জীবন এবং বাকি ২ জনকে ১৪ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হাছিনা রৌশন জাহান আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
এই ঘটনায় দণ্ডপ্রাপ্তরা হলেন, সদর উপজেলা বৈতরা গ্রামে ফরজ আলীর ছেলে মো. রফিক, উচুটিয়া গ্রামের হেলাল উদ্দিনের ছেলে হুমায়ুন ও বৈতরা গ্রামের লাল মিয়ার ছেলে জুয়েল।
জানা গেছে, বিগত ২০০৯ সালে ১৮ জানুয়ারি মানিকগঞ্জ সদর উপজেলার একটি বিদ্যালয়ে ৭ম শ্রেণির ওই শিক্ষার্থীকে তার বাবার অসুস্থতার কথা বলে আসামিরা কৌশলে অপহরণের পর ধর্ষণ করে। পরে এই ঘটনায় শিক্ষার্থীর বাবা বাদী হয়ে ৫ জনকে আসামি করে মানিকগঞ্জ সদর থানায় মামলা করেন।
পুলিশ ওই ৫ জনের বিরুদ্ধেই আদালতে অভিযোগপত্র দেয়। পরে ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণে ঘটনা সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামি রফিককে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ ( সংশোধনী /০৩) এর ৭ ধারায় ১৪ বছর সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেন আদালত। আর এর একইসঙ্গে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী /০৩) এর ৯ (১) ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয় ও জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
তাছাড়া নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০( সংশোধনী /০৩) এর ৭ ধারায় অপর দুই আসামি হুমায়ুন এবং জুয়েলকে ১৪ বছর করে সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয় এবং জরিমানা অনাদায়ে প্রত্যেককে ৩ মাসের করে কারাদণ্ড দেওয়া হয়।