
নিউজ ডেস্কঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মগটুলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. বদরুজ্জামান মামুনের কাছ থেকে স্থানীয় সরকার সহায়তা প্রকল্পের (এলজিএসপি) আত্মসাৎ করা প্রায় ১৪ লক্ষ টাকা আদায় করার নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। এ বিষয়ে ব্যবস্থা নিতে উপজেলা ও জেলা প্রশাসনের কাছে চিঠি পাঠিয়েছেন এলজিএসপির ২ উপপ্রকল্প পরিচালক (ফিল্ড অপারেশন) মো. শফি উল হক।
২৩ আগস্ট স্বাক্ষরিত ওই চিঠি ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৭ আগস্ট ইউপি চেয়ারম্যান মো. বদরুজ্জামান মামুন ও চারজন ইউপি সদস্য এবং এক বহিরাগত সংঘবদ্ধ হয়ে ইউপি সচিব মো. আবদুল আউয়ালকে জোর করে এলজিএসপি ২ প্রকল্পের পাঁচটি খালি ব্যাংক চেকে সই করিয়ে নেন। গত ১৭ ও ১৮ আগস্ট প্রকল্পের ব্যাংক হিসাব থেকে ১৩ লক্ষ ৭১ হাজার ৫৩৩ টাকা তুলে নেওয়া হয়। এ ঘটনায় ইউপি সচিব ঈশ্বরগঞ্জের ইউএনও রাজীব কুমার সরকার এবং এলজিএসপির উপপরিচালকের (ডিডি) কাছে লিখিত অভিযোগ দেন। এ ঘটনায় সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ এনে ইউপি চেয়ারম্যান ও সদস্যসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন আবদুল আউয়াল। দোষীদের বিচারের দাবিতে গত ২১ আগস্ট ইউপি সচিবদের সংগঠন বাপসা ঈশ্বরগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করে।
এ বিষয়ে বদরুজ্জামান মামুন বলেন, ‘ইউপি সচিবকে নির্যাতন করে ব্যাংক চেকে সই আদায়ের অভিযোগ সত্য নয়। এলজিএসপির প্রকল্প বাস্তবায়ন করেই সচিবের সইয়ের জন্য চেক পাঠানো হয়েছিল। ময়মনসিংহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আরিফ মোহাম্মদ খান ঘটনাটি তদন্ত করে দেখছেন। এতে প্রকৃত সত্য বেরিয়ে আসবে।’
জেলা প্রশাসকের কার্যালয় সূত্র জানায়, ইউপি সচিবের অভিযোগ নিয়ে গত ২১ আগস্ট ময়মনসিংহের এলজিএসপির উপপরিচালক মো. নুরুল আলম পরিচালকের কেন্দ্রীয় দপ্তরে একটি প্রতিবেদন পাঠান। প্রতিবেদনে বলা হয়, মগটুলা ইউপি চেয়ারম্যান সরকারি নীতিমালা লঙ্ঘন করে এলজিএসপির অর্থ আত্মসাৎ করেছেন। ওই প্রতিবেদন পাওয়ার দুই দিন পর ২৩ আগস্ট এলজিএসপির ২ উপপ্রকল্প পরিচালক শফি উল হক আত্মসাৎ করা অর্থ আদায় করার জন্য জেলা প্রশাসক ও জেলার এলজিএসপির ২ প্রকল্পের উপপরিচালক ও ঈশ্বরগঞ্জের ইউএনওকে চিঠি দিয়েছেন।
ইউএনও রাজীব কুমার সরকার বলেন, ‘জেলা প্রশাসকের নির্দেশনাক্রমে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।’ জেলা প্রশাসক মোস্তাকিম বিল্লাহ ফারুকী বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।