News71.com
 Bangladesh
 01 Sep 16, 11:46 AM
 421           
 0
 01 Sep 16, 11:46 AM

আগামী নভেম্বরের আগে অনলাইনে ভ্যাট নিবন্ধন শুরু হচ্ছে না।।

আগামী নভেম্বরের আগে অনলাইনে ভ্যাট নিবন্ধন শুরু হচ্ছে না।।

 

নিউজ ডেস্কঃ সদ্য সমাপ্ত আগস্ট মাস থেকে নতুন ভ্যাট (মূল্য সংযোজন কর) আইন বাস্তবায়নের কার্যক্রম শুরুর প্রাথমিক কার্যক্রম হিসেবে ব্যবসায়ীদের অনলাইনে ভ্যাট নিবন্ধনের কাজ শুরু করার লক্ষ্য থাকলেও তা থেকে আপাতত সরে আসছে রাজস্ব বোর্ড (এনবিআর)। আগামী নভেম্বরের আগে এটি শুরু হচ্ছে না বলে জানিয়েছেন এনবিআরের ভ্যাট অনলাইন প্রকল্পের কর্মকর্তারা। তবে নভেম্বর থেকে মার্চের মধ্যে এ কাজ শুরু করে তা জুনের মধ্যে সম্পন্ন করার ইচ্ছা রয়েছে তাদের। আগামী বছরের জুলাই থেকেই তা কার্যকর হবে। এরপর পূর্বের কোন ভ্যাট নিবন্ধন নম্বর কাজে লাগবে না।

ভ্যাট অনলাইন প্রকল্প সূত্রে জানা যায়, নিবন্ধন শুরু করার সব ধরনের প্রস্তুতি থাকলেও ব্যবসায়ীদের মধ্যে বিভ্রান্তি এড়াতে এক্ষেত্রে ‘ধীরে চলো’ নীতি অনুসরণের চিন্তা করা হচ্ছে। কেননা এখন থেকেই অনলাইনে ভ্যাট নিবন্ধন কার্যক্রম শুরু হওয়ার পর ক্ষেত্রবিশেষে জুলাইয়ের আগে অনেক কাজ শেষ করতে হবে। ফলে পূর্বের নিবন্ধন নম্বর অকেজো হয়ে যাবে। কোন ব্যবসায়ীর নতুন নিবন্ধন নম্বর নেয়ার কাজ সেপ্টেম্বরের মধ্যে শেষ হলে তার ভ্যাট দেয়া নিয়ে ঝামেলা তৈরি হতে পারে। কেননা আগামী জুলাইয়ের আগে নতুন ভ্যাট আইন কার্যকর হচ্ছে না। এ কারণে ভ্যাট কর্মর্তারা চাচ্ছেন এমন সময়ে নিবন্ধনের কাজ শুরু করা, যাতে শেষ দিকে এসে কাজ শেষ হয়। যাতে নতুন অর্থবছর থেকে নতুন ভ্যাট আইন অনুযায়ী কার্যক্রম শুরু করতে সুবিধা হয়।

অপরদিকে, গত কয়েক মাস আগে নিবন্ধনের লক্ষ্যে তথ্য দেয়ার আহ্বান জানানো হলেও তাতে খুব একটা সাড়া পাওয়া যায়নি। আবার যারা তথ্য দিয়েছেন, তারাও পুরো তথ্য দেননি। বর্তমানে প্রায় সাড়ে আট লক্ষ নিবন্ধিত ব্যবসায়ী (ব্যবসায় সনাক্তকরণ নম্বর) রয়েছেন। তাদের মধ্যে মাত্র ১২ হাজার ব্যবসায়ী তথ্য দিলেও পূর্ণাঙ্গ তথ্য দিয়েছেন মাত্র ২ হাজার।

এ বিষয়ে কর্মকর্তারা জানান, সাড়ে আট লক্ষ নিবন্ধিত ব্যবসায়ী হলেও তাদের মধ্যে নিয়মিত ভ্যাট রিটার্ন জমা দেয় ৩০ হাজার। এ ৩০ হাজারকে এনবিআর সম্ভাব্য নিবন্ধনকারী হিসেবে বিবেচনা করা হচ্ছে। নিবন্ধনের ক্ষেত্রে ব্যবসায় প্রতিষ্ঠান ও ব্যবসায়ের সঙ্গে সংশ্লিষ্টদের বেশকিছু ব্যক্তিগত তথ্য দিতে হয়। এর ফলে অনেক ব্যবসায়ী কিছুটা বিভ্রান্তির মধ্যেও রয়েছেন বলে জানা গেছে।

তবে ভ্যাট অনলাইন প্রকল্পের কর্মকর্তারা জানিয়েছেন, আগামী জুলাই থেকে ভ্যাট সংক্রান্ত কার্যক্রম নতুন নিবন্ধন নম্বরের আলোকেই হবে। পুরাতন নম্বর তখন থেকে কোন কাজে লাগবে না। এরপর থেকে ভ্যাট সংক্রান্ত যে কোন কাজ করতে গেলে ব্যবসায়ীকে অবশ্যই নতুন নিবন্ধন নম্বরের আওতায় করতে হবে। অবশ্য নির্দিষ্ট সময়ের মধ্যে বিদ্যমান ব্যবসায়ীরা নতুন নিবন্ধন নম্বর না নিলেও পুরনো নিবন্ধন বাতিল না করার সিদ্ধান্ত রয়েছে। মূলত এসব ব্যবসায়ীকে নজরে রাখার জন্যই এ উদ্যোগ বলে জানা গেছে।

এদিকে গতকাল বুধবার (৩১ আগস্ট) রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে এক কর্মশালার সমাপনী অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান বলেন, অনলাইন নিবন্ধনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। অনলাইন কার্যক্রম ও এর সাংগঠনিক কাঠামো কীভাবে কাজ করবে এখন সেটি ঠিক করব। এ লক্ষ্যে ব্যবসায়ীদের সচেতন করতে এফবিসিসিআইয়ের সহায়তায় দেশের সব জেলায় প্রশিক্ষণ কর্মসূচী চালানো হবে। অর্থনীতি বিষয়ক সাংবাদিকদের জন্য ওই কর্মশালার আয়োজন করে যৌথভাবে ভ্যাট অনলাইন প্রকল্প অফিস ও ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ)।

এছাড়া ভ্যাট নিয়ে ব্যবসায়ীদের দাবি-দাওয়া নিয়ে আগামী বাজেটে কাজ করা হবে জানিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, সমপ্রতি ব্যবসায়ীরা বেশকিছু তথ্যাদি নিয়ে এসেছেন। এনবিআরের তিনটি ওয়ার্কিং গ্রুপ এটি পর্যালোচনা  করবে যাতে আগামী বাজেটে এটি নিয়ে কাজ করা যায়। তবে ভ্যাট আইন বিষয়ে সরকারের রাজনৈতিক সিদ্ধান্তের আলোকে কাজ করা হবে বলে জানান তিনি।

গতকাল আইডিইবি ভবনের সামনে শুল্ক ফাঁকি দিয়ে আনা একটি দামি গাড়ি রেখে যান গাড়ির মালিক। এ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এনবিআর চেয়ারম্যান বলেন, এভাবে গাড়ি রেখে যাওয়াকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ন্যায়ের পথে আসার লক্ষণ হিসেবে দেখছি। তিনি বলেন, ভীতিকর পরিস্থিতি তৈরি করার ইচ্ছা আমাদের নেই।

অনুষ্ঠানে এনবিআর সদস্য ব্যরিস্টার জাহাঙ্গীর হোসেন, ইআরএফ সভাপতি সাইফ ইসলাম দিলাল, সাধারণ সম্পাদক জিয়াউর রহমানসহ এনবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সিনিয়র সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন