
নিউজ ডেস্ক: রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ী ডিগ্রি কলেজের একজন শিক্ষককে পিটিয়ে আহত করেছেন ওই কলেজেরই এক ছাত্র। আজ বুধবার দুপুরে ওই কলেজ মাঠেই এই ঘটনা ঘটে। আহত শিক্ষক আহাদুজ্জামান নাজিমকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি ওই কলেজের মার্কেটিং বিভাগের শিক্ষক।
জানা গেছে, ওই ছাত্রের নাম শিশির হোসেন। তিনি ব্যবসায় শিক্ষা বিভাগের একাদশ প্রথম বর্ষের ছাত্র। তার বাড়ি উপজেলার নাজিরপুর গ্রামে। বাবার নাম মাইনুল ইসলাম।
এই ব্যাপারে রাজাবাড়ি ডিগ্রি কলেজের অধ্যক্ষ রেজাউল করিম বলেছেন, গত ২৪ আগস্ট ক্লাস চলাকালীন সময়ে ‘অসাদচারণের’ জন্য শিক্ষক আহাদুজ্জামান নাজিম ওই ছাত্রকে মারপিট করেন। আর এরই জের ধরে আজ বুধবার শিশির এই শিক্ষকের ওপর এই হামলা চালিয়েছেন।
তিনি আরও বলেছেন, কাঠ দিয়ে অতর্কিতভাবে শিক্ষক নাজিমকে মারপিট শুরু করে ওই ছাত্র। পরে অন্যান্য শিক্ষার্থী ও শিক্ষকরা গিয়ে তাকে নিবৃত করে। এরপরই শিশির কলেজ থেকে পালিয়ে যায়। পরে এ ঘটনায় কলেজ গভর্নিং বডির জরুরী সভা ডাকা হয়েছিল। আগামী শনিবার আবারও সভা করে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
মারপিটের শিকার শিক্ষক আহাদুজ্জামান নাজিম বলেছেন, তিনি এই বিষয়টি কলেজ কর্তৃপক্ষের ওপরই ছেড়ে দিয়েছেন। তারা যে সিদ্ধান্ত নেবেন, তিনি তাই মেনে নেবেন।