
নিউজ ডেস্কঃ বগুড়ায় দ্বিতীয় শ্রেণীর ছাত্র শাহরিয়ার নাফিজ সিয়ামকে অপহরণের পর হত্যার দায়ে এক যুবককে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত । বগুড়ার শিশু আদালতের (অতিরিক্ত জেলা ও দায়রা জজ) বিচারক হাফিজুর রহমান বুধবার বিকেলে এ রায় ঘোষণা করেন। সিয়াম বগুড়া শহরের পুরান বগুড়া এলাকার সিএনজি চালিত অটোরিকশা চালক বেলাল রহমানের ছেলে। দণ্ডপ্রাপ্ত আল-আমিন সোহাগ (২২) বগুড়ার গাবতলী উপজেলার সরকারপাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
আদালত সূত্র জানায়, সাক্ষ্য প্রমাণ শেষে সিয়ামকে হত্যা, মুক্তিপণ দাবি, অপহরণ ও তথ্য গোপন করার অভিযোগে ৪টি ধারায় সাজা প্রদান করেছে আদালত। এর মধ্যে হত্যাকাণ্ডের ঘটনার জন্য ফাঁসির আদেশ, মুক্তিপণ দাবির জন্য যাবজীবন কারাদণ্ড, অপহরণ করার জন্য ১০ বছর কারাদণ্ড ও তথ্য গোপন করার অভিযোগে আরো ৩ বছর কারাদণ্ডের আদেশ প্রদান করা হয়েছে।
একই সঙ্গে আসামি পক্ষ ৭ দিনের মধ্যে উচ্চ আদালতে আপিল না করলে হাইকোর্টের অনুমতি নিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দেয়া হয়।
বগুড়ার শিশু আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি)খায়রুল বাশার নীলুজ জানান, শহরের পুরান বগুড়া এলাকার বেলাল রহমানের ছেলে শাহরিয়ার নাফিজ সিয়াম পিডিবি (বিদ্যুৎ উন্নয়ন বোর্ড) প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল। সিয়ামদের মহল্লার একটি বাড়িতে ভাড়া থাকতো আল-আমিন। ২০১৪ সালের ১৭ মে আল-আমিন মুক্তিপণ আদায়ের জন্য শিশু সিয়ামকে অপহরণ করে এবং মোবাইল ফোনে তার বাবার কাছে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। ৮০ হাজার টাকা দফারফা করে টাকা পরিশোধ করা হলেও সিয়ামকে ফেরত দেয়া হয়নি। ঘটনার একদিন পর আল আমিনের বাসায় সিয়ামের ব্যবহৃত স্যান্ডেল দেখতে পায়। এরপর পুলিশকে জানানো হলে তাকে গ্রেফতার করে। পরে তার স্বীকারোক্তি নিয়ে বাড়ির পাশের একটি পুকুর থেকে সিয়ামের লাশ উদ্ধার করা হয়।