News71.com
 Bangladesh
 31 Aug 16, 11:22 PM
 298           
 0
 31 Aug 16, 11:22 PM

রক্তদানে কতদিন রেয়াত পেয়েছেন নিজাম হাজারী? জানতে চেয়েছে হাইকোর্ট ।।

রক্তদানে কতদিন রেয়াত পেয়েছেন নিজাম হাজারী? জানতে চেয়েছে হাইকোর্ট ।।

নিউজ ডেস্কঃ কারাগারে থাকাবস্থায় রক্তদানের বিপরীতে ফেনী-২ আসনের সরকারদলীয় সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী কতদিন রেয়াত পেয়েছেন তা প্রতিবেদন আকারে জানাতে জেল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আদালতের আদেশের অনুলিপি পাওয়ার এক মাসের মধ্যে এই তথ্য আদালতকে জানাতে হবে। একইসঙ্গে আগামী ৩ নভেম্বর পর্যন্ত এ বিষয়ে শুনানি ও রায় প্রদান মুলতুবি করেছে হাইকোর্ট। বিচারপতি মো. এমদাদুল হক ও বিচারপতি মো. ইকবাল কবিরের ডিভিশন বেঞ্চ বুধবার এই আদেশ দেন।

উল্লেখ্য, নিজাম উদ্দিন হাজারীর এমপি পদের বৈধতা সংক্রান্ত রিটের ওপর মঙ্গলবার রায় ঘোষণা শুরু করেছিলো হাইকোর্ট। অবশিষ্ট রায় ঘোষণার জন্য বুধবার দিন ধার্য রাখা হয়েছিলো। কিন্তু রায় ঘোষণার আগে হাজারীর আইনজীবী নুরুল ইসলাম সুজন আদালতে বলেন, নিজাম হাজারী কারাগারে থাকার সময় মোট ১৩ বার রক্ত দিয়েছিলেন। যার বিপরীতে তিনি ৪৮৬ দিনের কারাবাস রেয়াত পাওয়ার অধিকারী হয়েছেন। এটা ধরা হলে তার সাজার মেয়াদের চেয়ে বেশি সময় তিনি কারাগারে ছিলেন।

এ পর্যায়ে আদালত বলেন, এ বিষয়ে তথ্য-উপাত্ত নিরীক্ষা করা প্রয়োজন। কখন ও কতবার রক্ত দিয়েছেন এবং কতদিন রেয়াত পেয়েছেন বিষয়টি স্পষ্ট করতেই কারাকর্তৃপক্ষের প্রতিবেদন প্রয়োজন। এরপরই হাইকোর্ট উপরোক্ত আদেশ দেয়। হাজারীর পক্ষে ব্যারিস্টার শফিক আহমেদ ও রাষ্ট্রপক্ষে সহকারি অ্যাটর্নি জেনারেল আমিনুর রহমান চৌধুরী টিকু উপস্থিত ছিলেন।

‘সাজা কম খেটেই বেরিয়ে যান সাংসদ’ শিরোনামে একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন ছাপা হয়। এতে বলা হয়, ২০০০ সালের ১৬ আগস্ট অস্ত্র আইনের এক মামলায় নিজাম হাজারীর ১০ বছরের কারাদণ্ড হয়। কিন্তু ২ বছর ১০ মাস কম সাজা খেটে তিনি কারাগার থেকে মুক্তি পান। দণ্ডের মেয়াদের মধ্যেই সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় এর বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন করেন ফেনী জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন ভূঁইয়া।


উক্ত রিট আবেদনে বলা হয়, সংবিধানের ৬৬(২) (ঘ) অনুচ্ছেদ অনুসারে, কোনো ব্যক্তি সংসদের সদস্য নির্বাচিত হওয়ার এবং সংসদ সদস্য থাকার যোগ্য হবেন না, যদি তিনি নৈতিক স্খলনজনিত কোনো ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হয়ে কমপক্ষে দুই বছরের কারাদন্ডে দন্ডিত হন এবং তাঁর মুক্তিলাভের পর পাঁচ বছর অতিবাহিত না হয়ে থাকে। সে হিসাবে নিজাম হাজারী ২০১৫ সালের আগে সংসদ সদস্য হতে পারেন না। অথচ তিনি ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে এমপি হয়েছেন। হাইকোর্টের নির্দেশে কারাকর্তৃপক্ষ আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয়। এতেও দেখা যায় তিনি আদালতের দেয়া দণ্ড সম্পূর্ণ ভোগ না করে কারসাজির মাধ্যমে জেল থেকে মুক্তি পান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন