
নিউজ ডেস্কঃ ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। একমাত্র বঙ্গবন্ধুর অসামান্য নেতৃত্বমূলক অবদানের কারণেই বিশ্বের বুকে বাংলাদেশ আজ স্বাধীন ও স্বার্বভোম একটি দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে। রবিবার জাপানের রাজধানী টোকিওর এদোগাওয়া ওয়ার্ড শিন কইয়া রেলস্টেশন সংলগ্ন জেলা হলরুমে শোক দিবসের এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বাংলাদেশ আওয়ামী যুবলীগ, জাপান শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।
ভূমিমন্ত্রী বলেন, পৃথিবীর বুকে স্বাধীন দেশ হিসেবে আমরা আজ মাথা উঁচু করে দাঁড়াতে পারছি। অথচ যারা বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে চাননি- তারা ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিশংসভাবে বঙ্গবন্ধুকে হত্যা করে। ১৫ আগস্টের এ ভয়াবহ হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বাংলাদেশে অরাজকতার সৃষ্টি হয়।
তিনি আরও বলেন, স্বাধীনতার এতগুলো বছর পার হয়েছে। অথচ আজো এসব স্বাধীনতাবিরোধীরা দেশে অরাজকতার ষড়যন্ত্র করে যাচ্ছে। এ সমস্ত ষড়যন্ত্র জাতির জনকের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী কঠোর হাতে দমন করবেন।
তিনি শোকসভায় অংশগ্রহণের জন্য আগত অতিথিদের ধন্যবাদ জানিয়ে বলেন, জাপানের মতো দেশের যান্ত্রিক জীবনে যারা সময় বের করে এ অনুষ্ঠানে অংশ গ্রহণ করেছেন তাদের প্রত্যেকেই আমি ধন্যবাদ জানাচ্ছি।
আলোচনা সভায় ১৯৭৫ সালের ১৫ আগস্টে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
বাংলাদেশ আওয়ামী যুবলীগ জাপান শাখার সভাপতি বিএম শাজাহানের সভাপতিত্বে আলোচনা সভা পরিচালনা করেন যুবলীগ জাপান শাখার সাধারণ সম্পাদক মীর হোসেন মিলন।
শোকসভায় বক্তব্য রাখেন মাজহারুল ইসলাম মাসুম, রফিক উদ্দিন ফরাজী, নাসিরুল হাকিম, নুরুল আমিন রনি, সনত বড়ুয়া, নুরুল ইমন রনি, কাউসার হাসান লাইজু প্রমুখ।