
নিউজ ডেস্কঃ ১৯৭১ সালে হওয়া মুক্তিযুদ্ধের সময় মার্কিন সরকার বাংলাদেশের বিরোধীতা করলেও তৎকালীন সিনেটর টেড কেনেডির মত অনেকেই বাংলাদেশকে সমর্থন করেছিল বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। বাংলাদেশ সফরকালে এডওয়ার্ড এম কেনেডি সেন্টারে ভাষণ দেয়ার সময় তিনি এ কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, আমি গর্বিত, কারণ সে সময় অনেকেই বাংলাদেশের পক্ষে ছিল।
জন কেরি বলেন, টেড কেনেডি বাংলাদেশের মানুষের মনে বিশেষ স্থান করে নিয়েছে। তার কারণ ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার জন্য সে পূর্ণ সমর্থন প্রদান করেছেন। আমি টেডকে অনেক বছর ধরে চিনি। তার সঙ্গে আমার পরিচয় হয় মাত্র ১৮ বছর বয়সে। আমি তখন মাত্র হাইস্কুল পার করেছি। ১৯৬২ সালে যুক্তরাষ্ট্রের সিনেট নির্বাচনের জন্য তার ক্যাম্পেইনে কাজ করেছি আমি।
এ সময় তিনি বলেন, আমি জানি বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক নিয়ে এখনো এদেশের অনেকের মর্ধে দুশ্চিন্তা কাজ করে। ১৯৭১ সালে যুক্তরাষ্ট্রের ভূমিকার জন্যই এমনটি হয়েছে। কিন্তু আমি গর্বের সঙ্গে জানাচ্ছি, শুধু কেনেডি বিষয়টি (বাংলাদেশের স্বাধীনতা) সমর্থন করেনি। আমি তখন তরুণ ছিলাম, ভিয়াতনাম যুদ্ধ থেকে মাত্র ফেরত এসেছি। আমি এবং আমার মত এমন অনেক তরুণ (বাংলাদেশকে) সমর্থন দিয়েছিল। ম্যাসাচুসেটসের অধিবাসীরা বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামের পক্ষে সমর্থন দিয়েছিল এবং আমি সেই জন্য গর্বিত।
উল্লেখ্য, জন কেরি ও এডওয়ার্ড এম কেনেডি উভয় ম্যাসাচুসেটসের অধিবাসী। ১৯৭১ সালে যুদ্ধের সময় মার্কিন এই রাজ্যটি বাংলাদেশের স্বাধীনতার পক্ষে সবচাইতে বেশি সমর্থন দিয়েছিল।