News71.com
 Bangladesh
 31 Aug 16, 05:37 PM
 323           
 0
 31 Aug 16, 05:37 PM

জঙ্গিবাদ প্রতিরোধে শিক্ষক সমাজের ৬ দফা ঘোষণা।।

জঙ্গিবাদ প্রতিরোধে শিক্ষক সমাজের ৬ দফা ঘোষণা।।

নিউজ ডেস্কঃ জঙ্গিবাদ-সন্ত্রাস প্রতিরোধে ধর্মের নামে উগ্রবাদ ও জঙ্গিবাদ উসকে দেয় এমন কার্যকলাপ প্রশ্রয় না দেওয়াসহ শিক্ষক সমাজের পক্ষ থেকে ৬ দফা ঘোষণা দেওয়া হয়েছে। আজ বুধবার (৩১ আগস্ট) রাজধানীর জাতীয় জাদুঘরে জঙ্গিবাদবিরোধী জাতীয় শিক্ষা কনভেনশন থেকে এই ঘোষণা দেওয়া হয়। একই অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী জঙ্গিবাদ দমনে যার যার অবস্থান থেকে ভূমিকা পালনে শিক্ষকদের প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন।

কনভেনশনের ঘোষণা উপস্থাপন করেন কনভেনশন উদ্যাপন কমিটির সদস্যসচিব ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব এ এস এম মাকসুদ কামাল। ৬ দফা ঘোষণার প্রথমটি হলো—প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান নিজ উদ্যোগে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনা ধারণ, লালন, অনুশীলন ও চর্চা অব্যাহত রেখে এ বিষয়ক কর্মকাণ্ড আরও জোরদার করা। দ্বিতীয় ঘোষণাটি হলো—শিক্ষাপ্রতিষ্ঠানগুলো কোনো রকম উগ্র ধর্মীয় মতবাদ লালন ও প্রচার থেকে বিরত থাকবে। ধর্মের নামে উগ্রবাদ ও জঙ্গিবাদ উসকে দেওয়ার মতো কোনো কর্মকাণ্ড প্রশ্রয় দেবে না।

তৃতীয় ও চতুর্থ ঘোষণায় আছে—শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নিয়মিত সমাবেশ, খেলাধুলা, বিতর্ক চর্চা, সাহিত্য-সাংস্কৃতিক কর্ম প্রক্রিয়া, স্কাউটসহ সহপাঠ্যক্রম কর্মসূচি জোরদার করবে এবং সব শিক্ষাপ্রতিষ্ঠানে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি বিষয়ক বাধ্যতামূলক কোর্স চালু করতে হবে।

পঞ্চম ঘোষণায় শিক্ষকদের প্রতি বলা হয়, শিক্ষকেরা শিক্ষার্থীদের প্রতি বন্ধুত্বপূর্ণ আচরণ করুন। শিক্ষার্থীদের মানবীয় বোধে উজ্জীবিত করুন। এ ছাড়া ষষ্ঠ ঘোষণায় সন্তানদের পর্যাপ্ত সময় দেওয়া, সৌহার্দ্যপূর্ণ আচরণ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়।

এই ঘোষণার সঙ্গে প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত ২৩টি শিক্ষক সংগঠন একমত পোষণ করে।

কনভেনশন উদ্যাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে কনভেনশনে বক্তব্য দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এ কে আজাদ চৌধুরী, বর্তমান উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকসহ বিভিন্ন শিক্ষক সংগঠনের নেতারা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন