
নিউজ ডেস্কঃ অ্যামানিয়া ট্যাংকের নিরাপত্তার জন্য থাকা রেফ্রিজারেশন কম্প্রেসার সিস্টেম, প্রেসার গজ সহ পাঁচ ধরনের সুরক্ষা যন্ত্র অকেজো থাকার কারণেই আনোয়ারায় ডিএপি সার কারখানায় ট্যাংক বিস্ফোরণের মতো বড় দুর্ঘটনা ঘটেছে বলে জেলা প্রশাসনের তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে।
আজ বুধবার (৩১ আগস্ট) দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসন কার্যালয়ে সাংবাদিকদের সামনে এ তদন্ত প্রতিবেদন তুলে ধরেন জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। এতেই উঠে আসে ডিএপি ট্যাংক দুর্ঘটনার পাঁচ কারণ।
তদন্ত প্রতিদেবনে বলা হয়, দুর্ঘটনার সময় ট্যাংকটির নিরাপত্তার জন্য থাকা পাঁচ ধরনের সুরক্ষা যন্ত্রের সবগুলোই অকেজো ছিল। এর মধ্যে ট্যাংকের তাপমাত্রা কমানোর জন্য কুলিং/রেফ্রিজারেশন কম্প্রেসার সিস্টেম ৩ বছরের বেশি সময় ধরে নষ্ট ছিল। ট্যাংকে রক্ষিত গ্যাসের চাপ মাপার জন্য দুটি প্রেসার গজ রয়েছে যা, দীর্ঘদিন ধরে নষ্ট ছিল।
ট্যাংকের তাপ ও চাপ মাপার জন্য স্বয়ংক্রিয় ডি সি এস সিস্টেম রয়েছে। এই সিস্টেমে দুটি প্রেসার ট্রান্সমিটারের মাধ্যমে ট্যাংকের গ্যাসের চাপ দুটি কম্পিউটারে প্রদর্শিত হয়। যার একটি দীর্ঘদিন ধরেই নষ্ট এবং অপরটি দুর্ঘটনার আগেরদিন নষ্ট হয়ে যায়। ট্যাংকে রক্ষিত অতিরিক্ত গ্যাসের চাপ বের করে দেওয়ার জন্য দুটি প্রেসার ভেন্ট রয়েছে। দুর্ঘটনার সময় এ দুটিও বন্ধ ছিল।
তাছাড়া স্বয়ংক্রিয়ভাবে গ্যাসের চাপ নিয়ন্ত্রণ করার জন্য ট্যাংকে একটি ফ্লেয়ার সিস্টেম রয়েছে। দুর্ঘটনার সময় এটিও অকেজো ছিল।