News71.com
 Bangladesh
 31 Aug 16, 05:28 PM
 310           
 0
 31 Aug 16, 05:28 PM

অবৈধ অস্ত্র ও গুলি রাখার দায়ে ৩ সন্ত্রাসীর ২১ বছর করে কারাদণ্ড।।

অবৈধ অস্ত্র ও গুলি রাখার দায়ে ৩ সন্ত্রাসীর ২১ বছর করে কারাদণ্ড।।

নিউজ ডেস্কঃ অবৈধ অস্ত্র ও গুলি রাখার দায়ে চট্টগ্রামের তালিকাভুক্ত তিন সন্ত্রাসীকে ২১ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার (৩১ আগস্ট) বেলা ৩টায় তৃতীয় যুগ্ম চট্টগ্রাম মহানগর দায়রা জজ মোছাম্মৎ বিলকিস আক্তার এ রায় দেন। কারাদণ্ডপ্রাপ্ত ৩জন হচ্ছেন মো. সরওয়ার ওরফে বাবলা, নুরুন্নবী ওরফে ম্যাক্সন ও গিট্টু মানিক।

মামলা পরিচালনাকারী সরকারি কৌঁসুলি নাজিম উদ্দিন জানান, ৩ আসামির প্রত্যেককে ২১ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এর মধ্যে অবৈধ অস্ত্র রাখার দায়ে ১৪ বছর এবং গুলি রাখার দায়ে ৭ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

তিনি জানান, এর পূর্বে গত ১৮ জুন, ২২ জুন, ১৯ জুলাই ও ২৭ জুলাই রায় ঘোষণার তারিখ থাকলেও ঘোষণা করা হয়নি। ২৩ আগস্ট আংশিক যুক্তিতর্ক শুনানি শেষে আদালত আজ রায় ঘোষণার দিন ধার্য করেন।

কারাদণ্ডপ্রাপ্ত তিনজন ২০০০ সালে চট্টগ্রামের বহুল আলোচিত ৮ ছাত্রলীগ নেতাকে গুলি করে হত্যা মামলার প্রধান আসামি সাজ্জাদ খানের ঘনিষ্ঠ সহযোগী। ওই মামলায় মৃত্যু দণ্ডাদেশপ্রাপ্ত সাজ্জাদ খান এখন ভারতে পলাতক আছেন।

উল্লেখ্য, ২০১১ সালের ৬ জুলাই নগরের বায়েজিদ বোস্তামী থানার হামিদপুর এলাকায় অভিযান চালিয়ে একে-৪৭ রাইফেল, ২৭টি গুলিসহ দেশি-বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় বায়েজিদ বোস্তামী থানার সাবেক ওসি এ কে এম মহিউদ্দিন বাদী হয়ে অস্ত্র আইনে ওই তিনজনের বিরুদ্ধে মামলা করেন। তিন আসামি বর্তমানে কারাগারে রয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন