News71.com
 Bangladesh
 31 Aug 16, 03:48 PM
 310           
 0
 31 Aug 16, 03:48 PM

বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় কবি শহীদ কাদরী।।

বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় কবি শহীদ কাদরী।।

নিউজ ডেস্কঃ বাংলা একাডেমি এবং একুশে পদকপ্রাপ্ত কবি শহীদ কাদরীর মরদেহ রাজধানীর মিরপুরের বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়েছে।


আজ বুধবার (৩১ আগস্ট) দুপুরে (বাদ জোহর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে নামাজে জানাজা শেষে বুদ্ধিজীবী কবরস্থানে নিয়ে আসা হয় কবির মরদেহ। এরপর তাকে সেখানে দাফন করা হয়।


এ সময় কবির স্ত্রী নীরা কাদরী ও তার ছেলে আদনান কাদরীর পাশাপাশি প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদিন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল, নাট্যব্যাক্তিত্ব রামেন্দ্র মজুমদার, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিজুল হক সহ প্রমুখ উপস্থিত ছিলেন।


এরপূর্বে, আজ সকাল ৯টায় কবির মরদেহবাহী ফ্লাইট (এমিরেটস) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে কবির মরদেহ গ্রহণ করেন প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন ও বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল।
এ সময় কবির স্ত্রী নীরা কাদরী, কবিপুত্র আদনান কাদরী এবং পারিবারিক বন্ধু সাবিনা হাই উর্বি উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর কার্যালয়, সংস্কৃতি মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের প্রতিনিধিরাও সেখানে উপস্থিত ছিলেন।


বিমানবন্দর থেকে শহীদ কাদরীর মরদেহ নিয়ে যাওয়া হয় বারিধারায় তার বড় ভাই শাহেদ কাদরীর বাসায়। সেখানে আত্মীয়-স্বজনরা কবিকে শেষ বিদায় জানান। এরপর সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ শহীদ মিনারে রাখা হয়।


উল্লেখ্য যে, গত ২৮ আগস্ট রবিবার সকাল ৮টা ২০ মিনিটে নিউইয়র্কে নর্থ শোর ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন কবি শহীদ কাদরী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন