
নিউজ ডেস্কঃ অপহরণের ৩২ দিন পর চুয়াডাঙ্গার দামুড়হুদার স্কুলছাত্র মাহফুজ আলম সজিবের লাশ উদ্ধার করেছে র্যা ব। আজ সকাল ৯ টায় চুয়াডাঙ্গা পৌর এলাকার সিঅ্যান্ডবি পাড়ার একটি বাড়ির সেপটিক ট্যাংক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত সজিব দামুড়হুদা উপজেলার দশমী পাড়ার মৃত হাবিবুর রহমানের ছেলে এবং চুয়াডাঙ্গা ভিজে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র ।
পারিবারিক সূত্রে জানা যায়, দামুড়হুদায় কৃষি মেলা দেখতে গিয়ে অপহৃত হয় সজিব। এর একদিন পর তার মুক্তিপণ বাবদ ২০ লাখ টাকা দাবি করে অজ্ঞাত দুর্বৃত্তরা। এদিকে অপহরণের পর থেকেই সজিবকে উদ্ধারে র্যা ব অভিযান চালাতে থাকে। শহরের সিঅ্যান্ডবি পাড়ার একটি বাড়ির সেপটিক ট্রাংকের ভেতরে সজিবকে হত্যার পর লাশ গুম করে রাখা হয়েছে বলে গতকাল রাতে খবর পায় র্যা ব। এরপরই তার মরদেহ উদ্ধারে অভিযান শুরু করা হয় ।
ঝিনাইদহ র্যা ব-৬ এর অধিনায়ক মেজর মনির আহম্মেদ জানান, হত্যার পর লাশ গুম করতেই ওই বসতবাড়ির সেপটিক ট্রাংকের ভেতরে তাকে ফেলে রেখে মুখ আটকিয়ে রাখা হয়। দোষীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি ।