News71.com
 Bangladesh
 31 Aug 16, 11:11 AM
 299           
 0
 31 Aug 16, 11:11 AM

জঙ্গি অর্থায়ন অভিযোগে ।।  সিঙ্গাপুরে আরো ২ বাংলাদেশির সাজা  

জঙ্গি অর্থায়ন অভিযোগে ।।  সিঙ্গাপুরে আরো ২ বাংলাদেশির সাজা       

নিউজ ডেস্কঃ জঙ্গি অর্থায়নের অভিযোগে আরো দুই বাংলাদেশিকে সাজা দিয়েছে সিঙ্গাপুরের আদালত। এর মধ্যে দৌলতুজ্জামানকে (৩৪) দুই বছর এবং লিয়াকত আলী মামুনকে (২৯) আড়াই বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।  এর আগে বাংলাদেশে সশস্ত্র জঙ্গিবাদ চালাতে অস্ত্র কেনার টাকা যোগানোর অভিযোগে গ্রেফতার হওয়া চার বাংলাদেশিকে দুই থেকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছিল সিঙ্গাপুরের আদালত।

স্ট্রেইটস টাইমসের প্রতিবেদন বলা হয়েছে, সিঙ্গাপুরের জেলা জজ আদালত মঙ্গলবার দৌলতুজ্জামান ও মামুনের সাজা ঘোষণা করে।  এদিকে, রাষ্ট্রপক্ষ আদালতে বলেছে, বাংলাদেশে সশস্ত্র জঙ্গিবাদ চালাতে অস্ত্র কেনার টাকা যোগানোর জন্য নির্মাণ শ্রমিক দৌলত ২০০ এবং মামুন ৮০০ সিঙ্গাপুরি ডলার চাঁদা হিসেবে দিয়েছিলেন ।

গত এপ্রিলে মোট আট বাংলাদেশিকে সিঙ্গাপুরের অভ্যন্তরীণ নিরাপত্তা আইনে আটক করার পর ছয়জনকে জঙ্গিবাদে মদদ দেয়ার অভিযোগে অভিযুক্ত করে দেশটির আদালত। তাদের মধ্যে মিজানুর রহমান (৩১), রুবেল মিয়া (২৬), মো. জাবেদ কায়সার হাজি নুরুল ইসলাম সওদাগর (৩০) ও ইসমাইল হাওলাদার সোহেলকে (২৯) গত ১২ জুলাই দুই থেকে পাঁচ বছরের কারাদণ্ড দেয় আদালত।

প্রসিকিউশনের পক্ষ থেকে আদালতে বলা হয়, মধ্যপ্রাচ্যের জঙ্গি দল আইএসের সঙ্গে যোগাযোগ ঘটার পর গত মার্চে মিজানুর সিঙ্গাপুরে প্রবাসী কয়েকজন বাংলাদেশিকে নিয়ে একটি দল গড়েন, যার নাম দেয়া হয় ইসলামিক স্টেট ইন বাংলাদেশ।

স্ট্রেইটস টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, ঐ দলের প্রত্যেকের সুনির্দিষ্ট দায়িত্ব ভাগ করা ছিল। মিজানুর ছিলেন দলনেতা, মামুন তার ডেপুটি। রুবেলের দায়িত্ব ছিল কোষাধ্যক্ষের আর জাবেদের কাজ ছিল জনসংযোগের। এছাড়া দৌলতুজ্জামান ও সোহেলকে দলের নিরাপত্তা ও সামরিক শাখার প্রধান বানিয়েছিলেন মিজানুর।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন