
নিউজ ডেস্কঃ ডিজিটাল যুগেও বাঁশের সাকোর উপর দিয়ে ঝুঁকি নিয়েই পার হতে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ফতেপুর, নবীপুর লাপাং, দরিলাপাং, চিত্রি, ইসলামপুর ও নরসিংহপুরসহ নবীনগর পশ্চিম ইউনিয়নের কয়েক হাজার মানুষকে।
সংসদ নির্বাচন এবং ইউপি নির্বাচনের প্রচারণাকালে বুধন্তী নদীর উপর সেতু নির্মাণ করে দেয়ার প্রতিশ্রুতি দিয়ে থাকেন প্রার্থীরা। নির্বাচন শেষ হলে প্রতিশ্রুতি বাস্তবায়নের কথা বিজয়ী প্রার্থীরা ভুলে যান। তাই ১৫ বছর আগে গ্রামবাসী নিজ উদ্যোগেই বুধন্তী নদীর উপর ৩০০ ফুট লম্বা বাঁশের সাঁকো নির্মাণ করেন। আর এই সাঁকো দিয়েই দুর্ভোগের সঙ্গে প্রতিদিন পার হতে হয় ফতেপুর ও আশপাশের কয়েকটি গ্রামের কয়েক হাজার মানুষকে। এখনো জনপ্রতিনিধিরা প্রতিশ্রুতি দিয়েই চলেছেন। প্রতি বছরই সেতুটি নতুন করে নির্মাণ করতে হয়।
সেতুটি দেখা যায়, নবীনগর পৌরসভার পশ্চিম সীমানা শেষে ফতেপুর, নবীপুর লাপাং, দরিলাপাং, চিত্রি ও ইসলামপুর নরসিংহপুরসহ কয়েকটি গ্রামের সীমানা শুরু। কিন্তু মেঘনা নদীর একটি শাখা বুধন্তী নদীর উপর একটি সেতুর অভাবে নবীনগর থেকে ওই গ্রামগুলোকে অনেক দূরের করে রেখেছে। তাছাড়া পুণ্যভূমি বলে খ্যাত ফতেপুরে ওয়ালী শাহ্ এর মাজার থাকার কারণে প্রতি বছর ওরছে এখানে কয়েক হাজারভক্তের সমাগম ঘটে।
নবীনগর মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও প্রধান শিক্ষক মোরশেদুল ইসলাম লিটন এবং ফতেপুরের সাবেক মেম্বার মোহন মিয়া বলেন, ‘আমাদের ভাগ্যের পরিবর্তন হয়নি। এলাকাবাসীর কষ্ট আর ভোগান্তির অন্ত নেই। স্বাধীনতার ৪৫ বছরেও পায়নি একটি ব্রিজ।’