News71.com
 Bangladesh
 30 Aug 16, 10:49 PM
 364           
 0
 30 Aug 16, 10:49 PM

চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে ইপিজেডে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ১৬ ।।

চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে ইপিজেডে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ১৬ ।।

নিউজ ডেস্কঃ চট্টগ্রামের কর্ণফুলী ইপিজেডে একটি প্রতিষ্ঠানে বকেয়া বেতনের দাবিতে বেপজা অফিস ঘেরাওকালে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে পুলিশ, আনসারসহ অন্তত ১৬ জন আহত হয়েছেন ।

আহতদের মধ্যে নারী শ্রমিকও রয়েছেন। আজ বিকেল ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত লিজেন্ড টেক্সটাইল নামে ওই প্রতিষ্ঠানের শ্রমিকদের সঙ্গে পুলিশের এ সংঘর্ষ হয়। এ সময় শ্রমিকদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও ফাঁকা গুলি ছোড়ে পুলিশ ।

সূত্রে জানা গেছে, লিজেন্ড টেক্সটাইল কারখানার শ্রমিকদের ৩ মাসের বকেয়া বেতন পরিশোধ না করে কারখানা বন্ধের ঘোষণা দেওয়ায় আন্দোলনে নামে শ্রমিকরা। কারখানাটি কয়েক মাস ধরে শ্রমিকদের বেতন পরিশোধ না করায় কর্ণফুলীর বেপজা কর্তৃপক্ষ তাদের বেতন পরিশোধের আশ্বাস দেয় ।

ওই কারখানায় কর্মরত শ্রমিক দিদার জানায়, আমাদের ৩ মাসের বেতন আটকে রাখা হয়েছে। আজ বেপজা আমাদের পাওনা বেতন পরিশোধের আশ্বাস দিলেও তা পরিশোধ করেনি। আমরা পাওনা বেতনের জন্য বেপজা অফিস ঘেরাও করি। এ সময় পুলিশ আমাদের জোর করে সরানোর চেষ্টা করলে ব্যাপক সংঘর্ষ হয় ।

এ ব্যাপারে জানতে চাইলে ইপিজেড থানার ওসি আবুল কালাম জানান, সংঘর্ষের সময় শ্রমিকদের নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট ছুড়লে বিক্ষুব্ধ শ্রমিকরা পাল্টা ইট ও পাথরের টুকরো নিক্ষেপ করে। এতে পুলিশ ও আনসার সদস্যসহ অন্তত ১৬ জন আহত হন। ঘণ্টাখানেক তীব্র সংঘর্ষের পর পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন