
নিউজ ডেস্কঃ স্কুলের কাজে যশোর শিক্ষা বোর্ডে এসে একজন প্রধান শিক্ষিকা বোর্ডের এক কর্মকর্তার কুপ্রস্তাব পেয়েছেন এবং তার শ্লীলতাহানির চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
অভিযুক্ত প্রোগ্রামার হাবিবুর রহমানের বিচার চেয়ে মঙ্গলবার বোর্ডের চেয়ারম্যানের কাছে লিখিত আবেদন করেছেন ওই শিক্ষিকা। এ নিয়ে শিক্ষা বোর্ডে তোলপাড় শুরু হয়েছে। বোর্ড চেয়ারম্যান প্রফেসর আব্দুল মজিদ জানান, তিনি অভিযোগ পেয়েছেন। অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
যশোর শিক্ষা বোর্ড সূত্র জানায়, চুয়াডাঙ্গার দর্শনা এলাকার এক প্রধান শিক্ষিকা ৮ আগস্ট শিক্ষা বোর্ডে প্রশ্ন আপলোড ট্রেনিংয়ে অংশ নিতে আসেন। এদিন ট্রেনিং শেষে তিনি এ সংক্রান্ত একটি সমস্যা নিয়ে উপ-সহকারী প্রকৌশলী কামাল হোসেনের সাথে যোগাযোগ করেন। কামাল হোসেনের পরামর্শে তিনি প্রোগ্রামার হাবিবুর রহমানের সাথে যোগাযোগের জন্য তার রুমে যান। সমস্যা নিয়ে আলোচনার একপর্যায়ে হাবিবুর রহমান ওই শিক্ষিকার হাত ধরেন। এরপর তিনি শিক্ষিকাকে কুপ্রস্তাব দেন এবং তার বাসায় থাকার কথা বলেন। ওই শিক্ষিকা কাউকে কিছু না বলে বিকেলে ট্রেনে বাড়ি ফেরেন। ৩০ আগস্ট তিনি ঘটনার উল্লেখ করে বোর্ড চেয়ারম্যানকে লিখিতভাবে জানিয়ে বিচার চেয়েছেন।
এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত প্রোগ্রামার হাবিবুর রহমানের ফোনে একাধিকবার যোগাযোগ করেও সংযোগ পাওয়া যায়নি।