
নিউজ ডেস্কঃ আসন্ন ঈদে ঘরমুখো যাত্রীদের জন্য বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন-বিআরটিসি আগামী ১ই সেপ্টেম্বর থেকে অগ্রিম বাস টিকেট ছাড়বে ।
আজ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়ে বলা হয়, ঢাকা মহানগরীর মতিঝিল, জোয়ার সাহারা, কল্যাণপুর, গাবতলী, মোহাম্মদপুর, গাজীপুর, নারায়ণগঞ্জ, ফুলবাড়িয়াস্থ সিবিএস-২ এবং মিরপুর দ্বিতল বাস ডিপো হতে বিভিন্ন রুটের অগ্রিম টিকেট সংগ্রহ করা যাবে ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এবারের ঈদযাত্রায় ঢাকা হতে বিভিন্ন জেলায় চলাচলের জন্য বিআরটিসি’র স্পেশাল সার্ভিসে থাকছে ৪’শ ৫০টি বাস। তাছাড়া ঢাকার বাইরের জেলাগুলো হতে বিভিন্ন গন্তব্যে বিআরটিসি’র ৫’শটি বাস আগামী ৮ই সেপ্টেম্বর থেকে ১৪ই সেপ্টেম্বর পর্যন্ত ঈদ স্পেশাল সার্ভিস হিসেবে চলাচল করবে ।
পাশাপাশি যাত্রী সাধারণের চলাচলের সুবিধার্থে ঈদের আগের দিন সায়েদাবাদ, মহাখালী ও গাবতলী ডিপোতে ৫০টি এবং চন্দ্রা, নবীনগর, সাভার ও ইপিজেড-এ ৩০টি বিআরটিসি’র বাস যাত্রী পরিবহনের জন্য অপেক্ষমান (স্ট্যান্ডবাই) থাকবে ।