
নিউজ ডেস্কঃ উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী সুরাইয়া আক্তার রিশার খুনিকে গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবিতে দ্বিতীয় দিনের মতো রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা।
আজ মঙ্গলবার (৩০ আগস্ট) বেলা ১২টার পর কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের সামনে সংশ্লিষ্টরা রাস্তা অবরোধ করলে আশপাশের রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এ সময় তাদের হাতে প্ল্যাকার্ডে হত্যাকারীকে গ্রেপ্তারসহ নানা স্লোগান পরিলক্ষিত হয়। পুলিশ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করছে।
উল্লেখ্য, গত বুধবার দুপুর ২টার দিকে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী রিশা বাসায় ফেরার পথে স্কুলের সামনে ফুটওভার ব্রিজের ওপরে বখাটের ছুরিকাঘাতের শিকার হয়। পরে আহত অবস্থায় তার সহপাঠীরা তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করে। চারদিন সেখানে চিকিৎসাধীন থাকার পর রবিবার সকালে তার মৃত্যু হয়।
এ বিষয়ে রমনা জোনের উপপুলিশ কমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার বলেন, ‘অভিযুক্ত ওবায়দুলকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে। তার পুরো পরিচয় নিশ্চিত হওয়া গেছে। যেকোনো সময় সে গ্রেফতার হতে পারে।