
নিউজ ডেস্ক: দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, সেবার মান বাড়াতে পাসপোর্ট অধিদপ্তরকে দালালমুক্ত করতে হবে। আজকাল দালালদের জন্যই পাসপোর্ট অফিসের বদনাম হয়।
আজ রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি মিলনায়তনে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের কার্যক্রমের ওপর দুদক আয়োজিত গণশুনানিতে তিনি এসব কথা বলেছেন।
তিনি বলেছেন, পাসপোর্ট অফিসে দুর্নীতি আছে, কিন্তু সেটা আগের চেয়ে কমেছে। সব মিলিয়ে নাগরিকদের সেবা পাওয়ার কথা থাকলেও তা কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছাতে পারেনি পাসপোর্ট অধিদপ্তর। পাসপোর্টের জন্য পুলিশ ভেরিফিকেশনে হয়রানি হয়। তারা টাকা ছাড়া কাজই করে না। আমরা আশা করব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়টা খতিয়ে দেখবে।
অনলাইনে চালু করার পর দুর্নীতি কিছুটা কমেছে বলে উল্লেখ করেন ইকবাল মাহমুদ। তিনি বলেছেন, এই গণশুনানির উদ্দেশ্য হচ্ছে জনগণ সরকারি প্রতিষ্ঠানে কী ধরনের সেবা পাবে আর সেবাদানকারী প্রতিষ্ঠান জনগণকে কী সেবা দেবে, সেগুলো জনগণ যেন জানতে পারে।
গণশুনানিতে উপস্থিত ছিলেন দুদক কমিশনার (অনুসন্ধান) নাসিরউদ্দীন আহমেদ, কমিশনার (তদন্ত) এ এফ এম আমিনুল ইসলাম, বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ রিজওয়ানসহ দুদক ও পাসপোর্ট অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা।