News71.com
 Bangladesh
 30 Aug 16, 11:26 AM
 364           
 0
 30 Aug 16, 11:26 AM

লক্ষ্মীপুরে বাস ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৫ ।।

লক্ষ্মীপুরে বাস ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৫ ।।

 

নিউজ ডেস্কঃ লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস ঢাকা এক্সপ্রেস ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই অটোরিক্সা চালক রুস্তম আলী (২৮) ও নাজমা আক্তার নামের সিএনজি যাত্রী নিহত হয়েছেন। এসময় আরো ৫ সিএনজি যাত্রী গুরুতর আহত হন।

আজ সকাল সাড়ে ৮ টার দিকে রায়পুর-ঢাকা মহাসড়কের মাইলের মাথা নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ ময়না তদন্তের জন্য একই হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ।

নিহত নাজমা সদর উপজেলার নন্দনপুর গ্রামের জিল্লাল হোসেনের মেয়ে ও রুস্তম আলী একই গ্রামের ঈমান আলীর ছেলে। আহতরা হলেন, ফেন্সী, জহির, কুলছুম বেগম, মুন্নি আক্তান ও পারভীন আক্তার। প্রত্যক্ষদর্শী আবুল কাশেম ও আহত পারভীন আক্তার জানান, রায়পুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী ঢাকা এক্সপ্রেস (ঢাকা মেট্রো-ব, ১৪-৩৪৯৭) ও দালাল বাজার থেকে ছেড়ে আসা সিএনজি অটোরিক্সা (লক্ষ্মীপুর-থ, ১১-৫৪৮৬) ঘটনাস্থলে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়।

এসময় সিএনজি অটোরিক্সা দুমড়ে মুচড়ে গিয়ে রাস্তার পাশে একটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই সিএনজি চালক রুস্তম ও নাজমা নিহত হন। আহত আরো ৫ জন। এসময় বিক্ষুব্ধ জনতা বাসটি ভাংচুরের চেষ্টা চালায়। পরে পুলিশ ও ফায়ার সাভির্সের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন। লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনা কবলিত বাসটিকে আটক করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন