News71.com
 Bangladesh
 30 Aug 16, 11:13 AM
 304           
 0
 30 Aug 16, 11:13 AM

রিশার ঘাতক ওবায়দুলের কর্মজীবন শুরু ঠাকুরগাঁওয়ে ।।  

রিশার ঘাতক ওবায়দুলের কর্মজীবন শুরু ঠাকুরগাঁওয়ে ।।       

নিউজ ডেস্কঃ  রিশার ঘাতক ওবায়দুলের কর্মজীবন শুরু ঠাকুরগাওঁয়ে। পরিবারের দরিদ্রতার কারণে ২০০৩ সালে ঠাকুরগাঁও ম্যাজিক কার্ট টেইলার্সে ছেলের কাজের সন্ধানে আসেন ঘাতক ওবায়দুলের বাবা আব্দুস সামাদ পাইকার। অভাবের সংসারের কথা শুনে ১৫ বছরের শিশু ওবায়দুলকে টেইলার্সে কাজের সুযোগ দেন গৌরাঙ্গ। শুরু হয় ওবায়দুলের কর্ম জীবন।

ওবায়দুলের বাসা দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার মিরাডঙ্গী এলাকায় হওয়ায় ম্যাজিক কার্ট টেইলার্সের মালিক গৌরাঙ্গের বাসায় থাকা শুরু করে সে। টেইলার্সের মাসে যা উপার্জন করতো সে থেকে পরিবারকে কিছু সহযোগিতা করতো ওবায়দুল। মালিক গৌরাঙ্গের কারণে টেইলর্সের সকল কাজ শিখে ফেলে সে। ২০০৮ সালে মালিকের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে টেইলার্স থেকে বের হয়ে যায়। কিছুদিন পর পাশের ডলফিন নামে এক টেইলার্সে কাজে যোগ দেয় ওবায়দুল। সেখানে ১ বছর কাজ করে আবার আগের কর্মস্থলে ফেরত আসে।

২০০৯ সালে ওবায়দুলের বাবা আব্দুস সামাদ পাইকার মারা যায়। সংসারের ভর সম্পূর্ণ ওবায়দুলের ঘাড়ে পড়ে যায়। ২০১০ সালে বেশি উপার্জনের জন্য পাড়ি জমায় ঢাকায়। পরবর্তীতে রাজধানীর এলিফ্যান্ট রোডে অবস্থিত ইস্টার্ন মল্লিকা শপিং মলে বৈশাখী টেইলার্স কাটিং মাস্টার হিসাবে যোগ দেয় ওবায়দুল।

ম্যাজিক কার্ট টেইলার্সের সহকর্মী ধনেশ জানান, ওবায়দুল ঠাকুরগাঁও থেকে কাজ শিখেছে। সে এখানে খুবই ভাল ছিল। তার মত ছেলে ঢাকায় গিয়ে এমন কাজ করতে পারে ভাবতে পারছি না।

ম্যাজিক কার্ট টেইলার্সের মালিক গৌরাঙ্গ বলেন, ওবায়দুলের সংসারে অভাবের কারণে তাকে কাজ দিয়ে ছিলাম। এক সময় সে সকল কাজ শিখে ফেলে এখানে। তার বাবা মারা যাওয়ার পর ঢাকায় চলে যায়। টিভিতে যখন ওবায়দুলের ছবি দেখতে পাই খুবই খারাপ লেগেছে। খুবই অবাক লেগেছে ওর মত ছেলে এমন কাজ করতে পারে। যদি ওবায়দুল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকে তাহলে সঠিক বিচার হওয়া উচিত।

উল্লেখ্য, ঢাকার কাকরাইলে চার দিন আগে বখাটে এক যুবকের ছুরিতে আহত উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের ছাত্রী সুরাইয়া আক্তার রিশা চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

গত বুধবার দুপুরে স্কুলের সামনে ফুটওভার ব্রিজের উপরে রিশার পেট ও হাতে ছুরি মেরে পালিয়ে যায় এক সেই ‘বখাটে যুবক’ পরবর্তীতে যার নাম জানা যায় ওবায়দুল হিসেবে।

রিশার মা তানিয়া বেগমের জানিয়েছিলেন, কয়েক মাস আগে ইস্টার্ন মল্লিকার বৈশাখী টেইলার্সে একটি জামা বানাতে দিয়েছিলেন তিনি। যোগাযোগের জন্য সেখানে তিনি নিজের ফোন নম্বর দিয়েছিলেন। তিনি বলেন, 'ওবায়দুল নামে ওই দোকানের এক কর্মচারী ফোন করে রিশাকে বিরক্ত করছিল। এ কারণে রিশার মা ওই মোবাইল সিমটি বন্ধ করে দেন। তার ধারণা, ওবায়দুল রিশাকে ছুরি মেরেছে।'

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন