
নিউজ ডেস্কঃ চূড়ান্ত রায়ে রিভিউ খারিজের পর মৃত্যুদণ্ড প্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর সামনে এখন রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাওয়া ছাড়া আর কোন পথ খোলা নেই। রিভিউ খারিজের সত্যায়িত অনুলিপি কারাগারে যাওয়ার পরই জেল কর্তৃপক্ষ ফাঁসি বহালের বিষয়টি তাকে অবহিত করবেন। এরপরেই তাকে প্রাণ ভিক্ষা চাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে বলা হবে। যদি তিনি প্রাণ ভিক্ষা চান তাহলে সেটির ওপর রাষ্ট্রপতির সিদ্ধান্ত আসার পরই দণ্ড কার্যকরের বিষয়ে পদক্ষেপ নেবে সরকার। আর যদি তিনি প্রাণ ভিক্ষা না চান, তাহলে দণ্ড কার্যকর করতে আইনগত কোন বাধা থাকবে না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
অ্যাটর্নি জেনারেল বলেন, ইতোপূর্বে যে সকল যুদ্ধাপরাধীর দণ্ড কার্যকর করা হয়েছে, তাদের থেকে মীর কাসেমের অপরাধ ভিন্নতর কিছু নয়। তিনি ১৯৭১ সালে আলবদর বাহিনীর সেক্রেটারি ছিলেন। চট্টগ্রামের ডালিম হোটেলকে টর্চার সেল হিসেবে বেছে নিয়ে সেখানে মুক্তিযোদ্ধাদের ধরে এনে নির্যাতন ও হত্যা করা হত। আর এই হত্যাযজ্ঞে মীর কাসেম সরাসরি জড়িত ছিলেন।