
নিউজ ডেস্কঃ জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সল আরেফিন দীপন হত্যা মামলার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে মইনুল হাসান শামীম। গতকাল সোমবার ঢাকার মহানগর হাকিম আহসান হাবীব এই আসামির জবানবন্দি রেকর্ড করেন। পরে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপপরিদর্শক মাহমুদুর রহমান এসব তথ্য জানান।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফজলুল কবীর আসামি মইনুল হাসান শামীমকে আদালতে হাজির করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন। ওই আবেদনে বলা হয়, আসামি এ ঘটনার দায় স্বীকার করে জবানবন্দি দিতে ইচ্ছুক।