
নিউজ ডেস্কঃ তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, জাতির পিতার প্রতি সত্যিকারের শ্রদ্ধা জানাতে হলে জঙ্গি-সন্ত্রাস নির্মূল করার কোনো বিকল্প নেই। তিনি বলেন, এ কাজ সম্পূর্ণ করতে শুধু সন্ত্রাসীদের ডাল-পালা ছাঁটলেই হবে না, তাদের আশ্রয়দাতা রাজনীতির বিষবৃক্ষও উপড়ে ফেলতে হবে। গতকাল সোমবার সন্ধ্যায় ঢাকার তোপখানা রোডে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা’য় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করে তথ্যমন্ত্রী বলেন, এ সময়ের জঙ্গিরা পঁচাত্তরের খুনিদেরই পরিবারভুক্ত। বয়সে তরুণ হলেও তারা একই গোত্রের। তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে তারা জাতির হৃদয়ে ছুরি চালিয়েছিল। সেই সাথে সামরিকতন্ত্র, রাজাকারতন্ত্র, সাম্প্রদায়িকতা ও রাজনীতির বিষবৃক্ষ-এ চার অভিশাপের জন্ম দিয়েছে যে দলটি, তারা ওই দলেরই দোসর।
এই অভিশাপমুক্তি, জঙ্গিদমন ও উন্নয়নের যুদ্ধে সকলকে শামিল হতে হবে বলেও তিনি উল্লেখ করেন।
প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে এ স্মরণসভায় বিশেষ অতিথি ছিলেন তথ্য সচিব মরতুজা আহমদ, জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান এবং বাংলাদেশ সংবাদ সংস্থার অনলাইন ইন-চার্জ ও প্রেস কাউন্সিল সদস্য ড. উৎপল কুমার সরকার।
তথ্য সচিব মরতুজা আহমদ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু ১৯৪০ এর দশকে দৈনিক ইত্তেহাদ পত্রিকার তৎকালীন পূর্ব পাকিস্তান প্রতিনিধি হিসেবে কাজ করেছেন, তাই তিনি একজন সাংবাদিকও। বঙ্গবন্ধু শুধু একজন মহান নেতাই নন, বঙ্গবন্ধু একটি দর্শন ও ইতিহাসের নাম।
প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ বঙ্গবন্ধুকে নিয়ে আরো গবেষণার ওপর গুরুত্বারোপ করেন। প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান বঙ্গবন্ধু বিষয়ক একটি গবেষণাগার ও কমিশন গঠনের প্রস্তাব করেন।