
নিউজ ডেস্কঃ অবশেষে নাগরিকদের উন্নতমানের জাতীয় পরিচয়পত্র স্মার্টকার্ড বিতরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মতি মিলেছে। ২ অক্টোবর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী স্মার্টকার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন। গতকাল সোমবার নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
ইসি সূত্র জানায়, স্মার্টকার্ড গ্রহণের সময় নাগরিকদের ১০ আঙুলের ছাপ ও চোখের আইরিশের প্রতিচ্ছবি দিতে হবে। এজন্য প্রতিটি এলাকায় ক্যাম্প স্থাপন করে কার্ড বিতরণ ও চোখের আইরিশের প্রতিচ্ছবি নেওয়া হবে।
ইসির পরিকল্পনা অনুযায়ী, প্রথমে ঢাকা সিটি করপোরেশন, জেলা-উপজেলা, পৌরসভা ও সবশেষে ইউনিয়ন পর্যায়ে স্মার্টকার্ড বিতরণ করা হবে। সেপ্টেম্বরের শুরুর দিকে ঢাকায় স্মার্টকার্ড বিতরণের পর দেশের অন্যান্য সিটি করপোরেশনগুলোতেও তা বিতরণ করা হবে।
উল্লেখ করা যায়, ২০১৭ সালের ডিসেম্বরের মধ্যে দেশের সকল নাগরিকের হাতে (যারা ভোটার হয়েছেন) উন্নতমানের এ কার্ড পৌঁছে দেওয়া হবে। সিটি করপোরেশনের ওয়ার্ডের ভোটার সংখ্যা ভেদে একাধিক ক্যাম্প থাকবে। পৌরসভার প্রতিটি ওয়ার্ডে থাকবে একটি ক্যাম্প। আর গ্রামের ভোটারদের ক্যাম্প থাকবে ইউনিয়ন পরিষদে।