News71.com
 Bangladesh
 30 Aug 16, 10:44 AM
 271           
 0
 30 Aug 16, 10:44 AM

স্বর্ণ উদ্ধার ।।  তিন আসামির জামিন স্থগিতই থাকছে

স্বর্ণ উদ্ধার ।।  তিন আসামির জামিন স্থগিতই থাকছে

 

নিউজ ডেস্কঃ  সাড়ে সাত কোটি টাকা মূল্যমানের স্বর্ণ উদ্ধারের মামলার তিন আসামির জামিন স্থগিতই থাকছে। হাইকোর্টের জামিন স্থগিত করে চেম্বার জজ আদালতের দেয়া আদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বেঞ্চ সোমবার এ আদেশ দেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ৯ এপ্রিল চট্টগ্রাম মহানগরীর সদরঘাট থানার আওতাধীন আনুমাঝির ঘাট এলাকার এসি মেলা নামের ইলেকট্রনিক্স পণ্যের গোডাউন থেকে প্রায় ২০ কেজি ওজনের সোনার বার ও স্বর্ণালংকার উদ্ধার করে পুলিশ। এর মধ্যে ১৪ কেজি ২০০ গ্রাম ওজনের ১২০ টি সোনার বার এবং প্রায় ৬ কেজি ওজনের ১৬ ধরনের স্বর্ণালংকার উদ্ধার করা হয়। যার আর্থিক মূল্য ৭ কোটি ৫২ লাখ টাকা। এ ঘটনায় গিয়াস উদ্দিন ওরফে লিটু, ইমরান খান ও মো: সোয়েবের বিরুদ্ধে সদরঘাট থানায় একটি চোরাচালানের মামলা দায়ের করা হয়।

পরে আসামিদের গ্রেফতার করে পুলিশ। গত ৮ মার্চ হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ আসামিদের জামিন দেয়। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৩ মার্চ হাইকোর্টের জামিন স্থগিত করে দেয় আপিল বিভাগের চেম্বার জজ আদালত। পরে আবেদনটি শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে আসে।

আদালতে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাসুদ হাসান চৌধুরী পরাগ এবং আসামি পক্ষে অ্যাডভোকেট সেলিনা চৌধুরী শুনানি করেন। শুনানি শেষে আপিল বিভাগ স্থগিতাদেশ বহাল রাখেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন