
নিউজ ডেস্কঃ দেশে গণতন্ত্র অনুপস্থিত অভিযোগ করে বিএনপি নেতা মওদুদ আহমদ বলেছেন, এর ফলে রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে এবং এর সুযোগ নিচ্ছে জঙ্গিরা। সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন,গণতন্ত্র ফিরিয়ে দিলে জঙ্গিবাদ কমে যাবে। গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে এসব কথা বলেন মওদুদ।
বর্তমান সরকারের আমলে দুর্নীতির অভিযোগ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন সংকলন করে এই প্রকাশ করা হয়েছে। বইটির নাম রাখা হয়েছে ‘র্যাম্প্যান্ট করাপশন অফ আওয়ামী রুল, পার্ট-১’।
মওদুদ আহমদ আরও বলেন, এই সরকার গণতান্ত্রিক শক্তিকে নির্মূল করতে চায়। কিন্তু বিএনপিকে নির্মূল সম্ভব হবে না। বিগত ৯ বছরে অনেক মামলা মোকদ্দমা হয়েছে, তারপরও বিএনপিকে নিঃশেষ করা যায়নি। বতর্মানে দেশে যে জঙ্গিবাদ-উগ্রবাদের সমস্যা বিরাজ করছে তা নিরসন একমাত্র রাজনৈতিকভাবেই সম্ভব। জঙ্গিরা কোনো দলের লোক নয়, এদের নির্মূল করতে হবে। এই কাজ সরকারের একার পক্ষে সম্ভব নয়। সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে জঙ্গিবাদ মোকাবেলা করতে হবে।