
নিউজ ডেস্কঃ খাগড়াছড়ি জেলার মানিকছড়িতে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে গতকাল সোমবার ব্যবসায়ীরা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে আধাবেলা ধর্মঘট এবং বিক্ষোভ সমাবেশ ও সড়ক অবরোধ করে। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী মানিকছড়ি বাজারের ব্যবসায়ীরা সোমবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত দোকানপাট বন্ধ রেখে ধর্মঘট পালন করেন। ধর্মঘট চলাকালে ব্যবসায়ীসহ এলাকাবাসী নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল বের করেন।
জানা গেছে, বিক্ষুব্ধ লোকজন এ সময় স্থানীয় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এর আবাসিক প্রকৌশলীর অফিস ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন। ব্যবসায়ীদের এ বিক্ষোভে মানিকছড়ি গিরি মৈত্রি সরকারি কলেজের ছাত্রছাত্রীরাও এসে যোগ দেন। বিক্ষোভকারীরা খাগড়াছড়ি চট্টগ্রাম সড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় দু ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন তারা। পরে আইনশৃঙ্খলা বাহিনী এসে বিক্ষুব্ধ লোকজনদের সরিয়ে দেন। এদিকে বিক্ষোভকারীরা নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে খাগড়াছড়ি জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপিও পেশ করে।
মানিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার যুথিকা সরকার স্মারকলিপিটি গ্রহণ করে এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়ে বিক্ষুব্ধ লোকজনদের শান্ত করেন। এ সময় এলাকাবাসীর পক্ষে বক্তব্য দেন খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের নেতা মানিকছড়ির সাবেক উপজেলা চেয়ারম্যান এম. রাজ্জাক।