
নিউজ ডেস্কঃ ফেনীর সোনাগাজী উপজেলায় যুবলীগের ২ পক্ষের সংঘর্ষে ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সোহাগ খায়ের গুলিবিদ্ধ ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ফারুকসহ ৩জন গুরুতর আহত হয়েছেন। আহতরা ফেনী সদর হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন। গতকাল রাতে উপজেলার চরমজশিপুর ইউনিয়নে এ ঘটনাটি ঘটে ।
দলীয় সূত্রে জানা যায়, গতকাল রাত ১০টার দিকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ওই ইউনিয়নের বদরপুর রাস্তার মাথায় এ সংঘর্ষের ঘটনাটি ঘটে। ইউনিয়ন যুবলীগ সভাপতি আনোয়ার খায়ের জানান, ফেনী থেকে বাড়ি ফেরার পথে আমার ছোট ভাই সোহাগ খায়েরকে হত্যার উদ্দেশে গুলি করে যুবলীগের সম্পাদক ওমর ফারুক ও তার সহযোগীরা। এ ঘটনায় ফারুককে প্রধান আসামি করে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি ।
এ বিষয়ে ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান এম. এ হোসেন জানান, ইউপি নির্বাচনে পরাজিত হয়ে আনোয়ার ও তার ছোট ভাইয়েরা পুরো এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। এর অংশ হিসেবে গতকাল রাতে সোহাগ সশস্ত্র ক্যাডার দিয়ে ফারুকের ওপর হামলা চালায়। স্থানীয়রা প্রতিরোধের চেষ্টা করলে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ সময় সোহাগ, ফারুকসহ ৪জন আহত হয় ।
ফেনী সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. অসিম কুমার সাহা জানান, সোহাগের ঘাড় ও পেটে ছোট অস্ত্রের গুলির চিহ্ন রয়েছে। এ ব্যাপারে সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। সংঘর্ষের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে ।