
নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে তিন জঙ্গি যে বাড়িতে নিহত হন সে বাড়ির মালিক নুরুদ্দিন দেওয়ানকে জ্ঞিাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। জঙ্গিরা তার বাড়িতে অবস্থান করছে এ তথ্য তিনি পুলিশকে না দেয়ায় তথ্য গোপন করার অপরাধে তাকে গ্রেফতার করা হয়।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মোহাম্মদ হাবিবুর রহমান জানান, সোমবার দুপুর আড়াইটায় মামলার তদন্ত কর্মকর্তা সদর মডেল থানার ওসি মোহাম্মদ আসাদুজ্জামান তাকে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদি হাসানের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করেন। আদালত শুনানি শেষে বিকেল পাঁচটায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
শনিবার সকালে শহরের পাইকপাড়া বড় কবরস্থান এলাকায় নুরুদ্দিন দেওয়ানের তিন তলা ভবনের তৃতীয় তলায় জঙ্গিদের অবস্থানে অভিযান চালায় কাউন্টার টেরোরিজম ইউনিট। সকাল নয়টা পঁয়ত্রিশ মিনিট থেকে দশটা পঁয়ত্রিশ পর্যন্ত একঘণ্টাব্যাপী অভিযানে নিহত হয় জঙ্গি নেতা তামিম চৌধুরীসহ তিন জঙ্গি। ওই ঘটনায় নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান বাদী হয়ে পৃথক দুইটি মামলা দায়ের করেন। সন্ত্রাস দমন ও বিস্ফোরক ধারায় দায়ের করা একটি মামলায় নিহত তিন জঙ্গিসহ অজ্ঞাত আরো বেশ কয়েকজনকে আসামি করা হয়।
অন্যদিকে তথ্য গোপন করার অপরাধে সন্ত্রাসবিরোধী আইনে ওই বাড়ির মালিক নুরুদ্দিন দেওয়ানকে আসামি করে অপর মামলাটি দায়ের করা হয়। ঘটনার দিনই পুলিশ নুরুদ্দিন দেওয়ানকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। রবিবার তার বিরুদ্ধে মামলা দায়েরের পর তাকে এই মামলায় আসামি হিসেবে গ্রেফতার দেখানো হয়।