
নিউজ ডেস্কঃ প্রথমবার জেলা পরিষদ নির্বাচন দলীয় প্রতীকে হচ্ছে না। মন্ত্রিসভার বৈঠকে অনির্ধারিত আলোচনায় এমনটাই ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ২১ সদস্যের প্রতিনিধি নির্বাচনের প্রক্রিয়া সুনির্দিষ্ট করে ‘জেলা পরিষদ (সংশোধন) আইন, ২০১৬’ চূড়ান্ত অনুমোদন দেওয়া হয় ।
এ আইন অনুমোদনের পর অনির্ধারিত আলোচনায় প্রধানমন্ত্রীর কাছে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম জানতে চান- জেলা পরিষদ নির্বাচন দলীয় প্রতীকে হবে কি-না। প্রশ্নের জবাবে সরাসরি কোনো কিছু বলেননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
মন্ত্রিসভার এক সিনিয়র সদস্য জানান, মোহাম্মদ নাসিমের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘দেখা যাক, আইনটা আগে হোক, তারপরে কি হয় দেখা যাবে’। তবে দ্রুত জেলা পরিষদ নির্বাচন করতে চায় সরকার। সে কারণে প্রথমবার দলীয় প্রতীকে নির্বাচন করার বিষয়ে সিদ্ধান্ত হয়তো নেওয়া সম্ভব হবে না এমনটাই মনে করেন নাম প্রকাশে অনিচ্ছুক একজন মন্ত্রী ।
অনির্ধারিত আলোচনায় শ্রম প্রতিমন্ত্রী মজিবুল হক চুন্নু বলেন, কোনো জেলা ছোট, আবার কোনো জেলা বড়। এ ক্ষেত্রে বৈষম্যের সৃষ্টি হবে বলে মন্তব্য করেন তিনি। এর জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, একটা প্রক্রিয়ার মধ্যেতো আসতে হবে ।
জেলা পরিষদ নির্বাচনে ১৫টি ভাগে ভাগ করা হবে একটি জেলাকে। সদস্য নির্বাচিত হবেন ১৫ জন। আর সংরক্ষিত আসন করা হবে ৫টি ভাগ করে। এ ক্ষেত্রে কোনো উপজেলাতে ২জন সংসদ সদস্যও রয়েছে। কোনো জেলা অনেক ছোট। সে ক্ষেত্রে বৈষম্য সৃষ্টি হতে পারে বলে মনে করেন মুজিবুল হক চুন্নু ।
চার স্তর বিশিষ্ট (সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা এবং ইউনিয়ন পরিষদ) নির্বাচিত জনপ্রতিনিধিরা জেলা পরিষদের প্রতিনিধি নির্বাচনে অংশ নেবেন। যেসব জেলায় সিটি করপোরেশন নেই, সেসব জেলায় ৩ স্তরের জনপ্রতিনিধিরাই ভোট দেবেন ।
তাদের ভোটে আইনে ২১ সদস্য প্রতিনিধি নির্বাচিত হবেন। একজন চেয়ারম্যান, ১৫ জন সাধারণ সদস্য এবং সংরক্ষিত ৫ জন মহিলা সদস্য নিয়ে গঠিত হবে জেলা পরিষদ ।