
নিউজ ডেস্কঃ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা কর্মকর্তা পদে ১০ বছর আগে নিয়োগ পাওয়া ১১১ জনের মধ্যে যোগ্যদের কীভাবে চাকরিতে রাখা যায়, তা জানাতে বলেছেন আপিল বিভাগ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে আগামী রোববার আদালতকে এ বিষয়টি অবহিত করতে অ্যাটর্নি জেনারেলকে বলা হয়েছে।
আজ সোমবার (২৯ আগস্ট) প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগ এ তথ্য জানাতে বলেন। ১১১ চিকিৎসকের রিভিউ আবেদনের শুনানিকালে আদালত এ তথ্য চান। পরে শুনানির জন্য আগামী রোববার দিন ধার্য করেন আদালত।
উল্লেখ্য, আদালতে ১১১ চিকিৎসকদের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ড. কামাল হোসেন, রোকন উদ্দিন মাহমুদ, শরীফ ভূঁইয়া, কামরুল হক সিদ্দিকী, এ এম আমিন উদ্দিন। বিশ্ববিদ্যালয়ের পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।