News71.com
 Bangladesh
 29 Aug 16, 06:18 PM
 331           
 0
 29 Aug 16, 06:18 PM

জনপ্রতিনিধিদের ভোটে জেলা পরিষদ নির্বাচন।।

জনপ্রতিনিধিদের ভোটে জেলা পরিষদ নির্বাচন।।

নিউজ ডেস্কঃ স্থানীয় জনপ্রতিনিধিদের ভোটেই জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। জেলা পরিষদ আইনের এই সংশোধনী অনুমোদন করেছে মন্ত্রিসভা।

আজ সোমবার (২৯ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার ১২০তম বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে ২০০০ সালের এই আইনটির সংশোধন করা হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠক শেষে সচিবালয়ে এ–সংক্রান্ত ব্রিফিং করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। তিনি বলেন, নির্বাচকমণ্ডলীর মাধ্যমে জেলা পরিষদ গঠন করা হবে। জেলা পরিষদে একজন চেয়ারম্যান, ১৫ জন সদস্য ও পাঁচজন সংরক্ষিত সদস্য থাকবেন।

সচিব আরও জানান, স্থানীয় পর্যায়ের সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদের নির্বাচিত সব প্রতিনিধির সমন্বয়ে ইলেকটোরাল কলেজ গঠিত হবে। এই কলেজই ২১ সদস্যের প্রতিনিধি নির্বাচিত করবে। নির্বাচন কমিশন এ নির্বাচন পরিচালনা করবে। নির্বাচনী আচরণবিধি কেউ লঙ্ঘন করলে ছয় মাস জেল বা ৫০ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ড দেওয়া যাবে। আগে এই আইনে সর্বোচ্চ সাত বছর জেল ছিল।

এ বিষয়ে মোহাম্মদ শফিউল আলম জানান, খুব শিগগির এই সংশোধনী অধ্যাদেশ আকারে জারি করা হবে। জেলা পরিষদের চেয়ারম্যানের অনুপস্থিতিতে পরিষদের সদস্য বা সরকার মনোনীত যে কেউ এ দায়িত্ব পালন করতে পারবে। একই সঙ্গে ফৌজদারি মামলায় জেলা পরিষদ চেয়ারম্যান বা অন্য সদস্যদের কেউ গ্রেপ্তার হলে অথবা অভিযোগপত্র দেওয়া হলে তাকে বরখাস্ত করার বিধান রাখা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন