News71.com
 Bangladesh
 29 Aug 16, 06:17 PM
 352           
 0
 29 Aug 16, 06:17 PM

জঙ্গিবাদ দমন নিয়ে কেরির সঙ্গে আলোচনা হয়েছে : পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান ।।

জঙ্গিবাদ দমন নিয়ে কেরির সঙ্গে আলোচনা হয়েছে : পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান ।।

নিউজ ডেস্কঃ পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। নিরাপত্তা ও জঙ্গিবাদ দমন নিয়ে বৈঠকে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী আবুল হাসান। এক টুইট বার্তায় জন কেরিও একই কথা বলেছেন।

আজ সোমবার (২৯ আগস্ট) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই বৈঠক হয়েছে। বৈঠকে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও উপস্থিত ছিলেন।

এরপূর্বে আজ দুপুরের দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে বৈঠক করেছেন জন কেরি। সকালে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বর সড়কে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন। যুক্তরাষ্ট্রের কোনো পররাষ্ট্রমন্ত্রীর এটাই প্রথমবারের মতো বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন। সেখান থেকে দুপুরের দিকে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, সকাল সোয়া ১০টার দিকে জন কেরিকে বহনকারী যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর বিশেষ ফ্লাইটটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। সেখানে তাকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

সুইজারল্যান্ডের জেনেভা থেকে জন কেরি ঢাকায় এসেছেন। সন্ধ্যায় তিনি ভারতের রাজধানী নয়াদিল্লি যাবেন।

পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসানের সঙ্গে বৈঠক শেষে কেরির ধানমন্ডির এডওয়ার্ড এম কেনেডি সেন্টারে (ইএমকে সেন্টার) যাওয়ার কথা। সেখানে তিনি তরুণ ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন। এরপর তিনি মিরপুরে একটি পোশাক তৈরির কারখানা পরিদর্শন করবেন। সেখান থেকে তিনি দূতাবাসে গিয়ে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। সন্ধ্যায় নয়াদিল্লির উদ্দেশ্যে ঢাকা ছাড়ার আগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে জন কেরির বৈঠকের কথা রয়েছে।

গত পাঁচ বছরে এটি যুক্তরাষ্ট্রের কোনো পররাষ্ট্রমন্ত্রীর দ্বিতীয় সফর। ২০১২ সালের ৫ মে যুক্তরাষ্ট্রের তখনকার পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন দুই দিনের সফরে ঢাকায় এসেছিলেন। হিলারির ঢাকা সফরের সময় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অংশীদারত্ব সংলাপ শুরুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন