
নিউজ ডেস্কঃ দেশের প্রথম মুঠোফোন অপারেটর প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের (সিটিসেল) কাছে বিটিআরসির পাওনা ৪৭৭ কোটি টাকা দুই কিস্তিতে পরিশোধ করতে বলেছেন আপিল বিভাগ। প্রথম এক মাসের মধ্যে দুই-তৃতীয়াংশ এবং পরের কিস্তিতে এক-তৃতীয়াংশ টাকা পরিশোধ করতে বলা হয়েছে।
আজ সোমবার (২৯ আগস্ট) প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। এ বিষয়ে আদালতের পর্যবেক্ষণে বলা হয়, আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিষ্ঠানটির কার্যক্রমে ব্যাঘাত ঘটানো যাবে না।
বিটিআরসির দেওয়া নোটিশের জবাব দেওয়া পর্যন্ত সিটিসেলের কার্যক্রম পরিচালনায় বাধা না দিতে হাইকোর্ট যে আদেশ দেন, এর বিরুদ্ধে বিটিআরসির করা আবেদন নিষ্পত্তি করে এ আদেশ দেন আপিল বিভাগ।
বিটিআরসির পক্ষের আইনজীবী খন্দকার রেজা-ই রাকিব জানান, টাকা পরিশোধ করলে সিটিসেল কার্যক্রম চালিয়ে যেতে পারবে।
আদালতে বিটিআরসির পক্ষে শুনানি করেন আইনজীবী শেখ ফজলে নূর তাপস ও খন্দকার রেজা-ই রাকিব, সিটিসেলেরে পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ, রাষ্ট্রপক্ষের শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
এ বিষয়ে রেজা-ই রাকিব বলেন, হাইকোর্টের আদেশ সংশোধন করে কয়েকটি নির্দেশনা দিয়ে আপিল বিভাগ বিটিআরসির আবেদনটি নিষ্পত্তি করে দিয়েছেন। ১৭ আগস্ট থেকে এখন পর্যন্ত সিটিসেলের কাছে ৪৭৭ কোটি টাকা ছাড়াও প্রতিদিন ১৮ লক্ষ টাকা করে পাওনা বিটিআরসির। আদালত এই টাকা অবিলম্বে পরিশোধ করতে বলেছেন। অন্যথায় বিটিআরসি যেকোনো আইনি পদক্ষেপে নিতে পারবে। এতে টাকা পরিশোধ সাপেক্ষে সিটিসেল কার্যক্রম চালাতে পারবে।