
নিউজ ডেস্কঃ দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা অর্থ আত্মসাৎ মামলায় মুন গ্রুপের চেয়ারম্যান মিজানুর রহমানকে জামিন দিয়েছেন আদালত। সোমবার ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে আদালতে তার আইনজীবী কাজী নজিবুল্লাহ হিরু জামিন চেয়ে আবেদন করেন।
গত ৩০ জুন মতিঝিল থানায় অর্থ আত্মসাতের ঘটনায় মুন গ্রুপের চেয়ারম্যান মিজানুর রহমান, অগ্রণী ব্যাংকের উপমহাব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মিজানুর রহমান খানসহ আটজনের বিরুদ্ধে মামলা করে দুদক। পরে ওই দিনই অগ্রণী ব্যাংকের ডিএমডি মিজানুর রহমান খান, ডিজিএম মো. আখতারুল আলম, এজিএম মো. শফিউল্লাহকে গ্রেপ্তার করা হয়।
মুন গ্রুপের চেয়ারম্যান মিজানুর রহমানকে গত ১০ আগস্ট রাত ৯টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার করে দুদকের উপপরিচালক বেনজির আহম্মদ। গত ৪ আগস্ট ঢাকার মহানগর দায়রা জজ আদালত থেকে জামিন পান অগ্রণী ব্যাংকের ডিএমডি মিজানুর রহমান খান।