News71.com
 Bangladesh
 29 Aug 16, 05:40 PM
 299           
 0
 29 Aug 16, 05:40 PM

কাশেম আলীর রিভিউ রায় আগামীকাল ।।

কাশেম আলীর রিভিউ রায় আগামীকাল ।।

 

নিউজ ডেস্কঃ  একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাশেম আলীর রিভিউ রায় (পুনর্বিবেচনা) আগামীকাল মঙ্গলবার ঘোষণা করবে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। আপিল বিভাগের দৈনন্দিন কার্যতালিকায় ১ নম্বর ক্রমিকে রিভিউটি রায়ের জন্য রাখা হয়েছে। সোমবার আপিল বিভাগের ওয়েবসাইট হতে এ তথ্য জানা গেছে। এর আগে রবিবার আসামি ও রাষ্ট্রপক্ষের শুনানি শেষে আপিল বিভাগ রিভিউ রায় ঘোষণার জন্য মঙ্গলবার দিন ধার্য করে দিয়েছিল।

২০১৪ সালের ২ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে মীর কাশেমকে মৃত্যুদণ্ড দেয়া হয়। এরপর গত ৮ মার্চ আপীলের রায়ে ওই সাজাই বহাল থাকে। ৬ জুন পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর তা পুনর্বিবেচনার (রিভিউ) জন্য ১৯ জুন আবেদন করেন মীর কাশেম। রাষ্ট্রপক্ষ এরপর রিভিউ শুনানির দিন ধার্যের জন্য আবেদন করে। এর ধারাবাহিকতায় ২১ জুন চেম্বার বিচারপতি বিষয়টি নিয়মিত আপীল বেঞ্চে শুনানির জন্য পাঠান। গত বুধবার আসামিপক্ষের সময়ের আবেদন নাকচ করে রিভিউ শুনানি শুরু করে আদালত। মীর কাশেমের প্রধান আইনজীবী খন্দকার মাহবুব হোসেন তার বক্তব্য উপস্থাপন শুরু করার পর সেদিনের মতো শুনানি মুলতবি করা হয়। রবিবার সকাল সাড়ে ৯টার পর আবার রিভিউ শুনানি শুরু হলে খন্দকার মাহবুব তার অসমাপ্ত বক্তব্য উপস্থাপন করেন। তার বক্তব্যের পর রাষ্ট্রপক্ষে ব্ক্তব্য উপস্থাপন শুরু করেন এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

শুনানি চলার মধ্যেই বেলা ১১টায় আপীল বিভাগ বিরতিতে যায়। বিরতি শেষে ফিরে এ্যাটর্নি জেনারেল তার যুক্তি উপস্থাপন শেষ করলে আসামিপক্ষে খন্দকার মাহবুব আবারও তার যুক্তি আদালতের সামনে তুলে ধরেন। শুনানি শেষে বেলা সাড়ে ১২টার পর আদালত রায়ের জন্য ৩০ অগাস্ট দিন ঠিক করে দেয়।

দণ্ড মওকুফ চেয়ে ৮৬ পৃষ্ঠার রিভিউ আবেদনে ১৪টি যুক্তি তুলে ধরেছেন মীর কাশেম। রিভিউ দায়েরের পর তার প্রধান আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেছিলেন, এতে ‘ন্যায়বিচার’ পাবেন বলে তারা ‘প্রত্যাশা’ করছেন। অন্যদিকে এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম অতীত অভিজ্ঞতার কথা জানিয়ে বলেছিলেন, ফৌজদারি মামলায় পুনর্বিবেচনায় রায় বদলের ‘খুবই সীমিত’।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন