
নিউজ ডেস্কঃ খুলনা হার্ডওয়ার মার্কেট অ্যাসোসিয়েশন এর নির্বাচন স্থগিত করেছে হাইকোর্ট। আরবিটেশন প্রক্রিয়া নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ দেয়া হয়েছে। এক রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকি ও বিচারপতি রাজিক আল জলিলের ডিভিশন বেঞ্চ এই আদেশ দেন।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী মো. খাইরুল কবীর নির্বাচনের ওপর স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টে রিট করেন। এই রিটে বলা হয় খুলনা হার্ডওয়ার মার্কেট অ্যাসোসিয়েশনের ২৪০ জন ভোটারের মধ্যে ৪৪ জন ভোটার হার্ডওয়ার ব্যবসায়ী না হওয়ায় তাদের সদস্যভুক্ত করণের বিরুদ্ধে সার্কেল আপিল বোর্ডে আপত্তি দাখিল করেন তিনি। পরবর্তীতে এফবিসিসিআই-এর আরবিটেশন ট্রাইব্যুনালে বাণিজ্য সংগঠন অধ্যাদেশ ১৯৬১ এর ১২ ধারার অধীনে একটি দরখাস্ত দায়ের করেন।
সার্কেল আপিল বোর্ড ও আরবিটেশন ট্রাইব্যুনাল হতে কোন প্রতিকার না পাওয়ায় নির্বাচনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়। রিট আবেদনকারীর পক্ষে ব্যারিস্টার রাগিব রৌউফ চৌধুরী শুনানি করেন। শুনানি শেষে হাইকোর্ট উপরোক্ত আদেশ দেন।