News71.com
 Bangladesh
 29 Aug 16, 05:15 PM
 322           
 0
 29 Aug 16, 05:15 PM

ফের জবির হল আন্দোলনে ছাত্রলীগের দফায় দফায় হামলা, সাংবাদিকসহ আহত ৫০ 

ফের জবির হল আন্দোলনে ছাত্রলীগের দফায় দফায় হামলা, সাংবাদিকসহ আহত ৫০ 

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবিতে) দখলকৃত হল উদ্বার ও সাবেক কেন্দ্রীয় কারাগারের জমিতে নতুন  হল নির্মাণের  দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের মিছিলে দফায় দফায় হামলা করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।  ছাত্রলীগের এ হামলায় সাংবাদিকসহ ৪০ জন শিক্ষার্থী আহত হয়েছে। 

সোমবার  সকালে সরেজমিন গিয়ে দেখা যায়, হলের দাবিতে পূর্বঘোষিত কর্মসূচি অনুসারে ধর্মঘটের সমর্থনে   বেলা ৯ টা সময় বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা ভাস্কর্যের সামনে জড়ো হতে থাকে সাধারন শিক্ষার্থীরা। একপর্যায় তারা ক্যাম্পাসে  বিক্ষোভ মিছিল করে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক দিয়ে বাইরে বের হতে চাইলে জবি শাখার  ছাত্রলীগ নেতাকর্মীরা বাধাঁ দেয় এবং তাদের ব্যানারে আন্দোলন করার নির্দেশ দেন। আন্দোলনরত শিক্ষার্থীরা দাবি না মানলে তাদের উপর চড়াও হন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ও তার নেতাকর্মীরা চড়, থাপ্পড়, কিল,  ঘুশি, মেরে ছত্রভঙ্গ করে দেন শিক্ষার্থীদের ।

আন্দোলনরত শিক্ষার্থীরা পুনরায় একত্রিত হয়ে  বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে অবস্থান নিয়ে হলের দাবিতে স্লোগান দিতে থাকে। ছাত্র জনতা ভাই ভাই পুরান ঢাকায় হল চাই, এক দফা এক দাবি হলের চাবি কবে দিবি এবং শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে প্রশাসনের কাছে বিচার চাওয়া হচ্ছিল  স্লোগানে।

বেলা ১১টা সময় জবি শাখা ছাত্রলীগ সভাপতি এফ এম শরিফুল ইসলামের নেতৃত্বে ১০ -১৫ জনের একটা খন্ড মিছিল নিয়ে উপস্থিত হয় বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে। একপর্যায় শরিফুল ইসলাম মাইক্রো ফোন কেরে নিয়ে হমকি দামকি দেয় এবং  সাধারন শিক্ষার্থীদের তার সাথে যেতে বলে। কিন্তু আন্দোলনরত শিক্ষার্থীরা কেউ তার কথায় কান না দিলে শরিফুল ইসলাম ও তার সহযোগী নেতৃবৃন্দ  সাধারণ শিক্ষার্থীদের উপর অতর্কিত হামলা করেন।

আইন বিভাগের শিক্ষার্থী অনিমেষ রায়কে বাশঁ দিয়ে পিটিয়ে মাথা ফাটানো এবং বাংলা বিভাগের শিক্ষার্থী রুনিয়া সুলতানা ঝুমুরের বুকে লাথি মেরে ফেলে দেওয়ার মত নারী নির্যাতনের অভিযোগ রয়েছে এফ এম শরিফুল ইসলামের বিরুদ্ধে।

আহতদের মধ্যে কয়েকজনের নাম জানা গেছে। তাঁরা হলেন অর্থনীতি বিভাগের শেষ বর্ষের রুহুল আমীন, আইন বিভাগের অনিমেষ রায়, জিসান ও চৈতালী আক্তার, বাংলা বিভাগের রোহিয়া সুলতানা, হিসাবরক্ষণ বিভাগের গোলাম রাব্বী, গণিত বিভাগের প্রসেনজিৎ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের একাংশের সভাপতি মুজাহিদ অনিক, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের মার্কসবাদী অংশের সভাপতি মেহরাব আজাদ, ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আল আমীন। আহতদের ন্যাশনাল মেডিকেল কলেজ ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনিমেষ রায় কে ভর্তি করা হয়েছে পপুলার হাসপাতালে। 

আন্দোলনরত শিক্ষার্থী রাশিদুল ইসলাম বলেন, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ধর্মঘটের সমর্থনে সাধারণ শিক্ষার্থীরা আজ সকাল থেকেই ক্যাম্পাসে মিছিল করছিলেন। শুরু থেকেই ছাত্রলীগের নেতাকর্মীরা বিভিন্নভাবে ভয়ভীতি দেখাতে থাকে। পরে শিক্ষার্থীদের সম্মিলিত একটি মিছিল ক্যাম্পাসের বাইরে আসতে চাইলে তারা হামলা চালায়। জবি শাখা ছাত্রলীগের সভাপতি এফ এম শরিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক এস এম সিরাজুল ইসলামের নেতৃত্বে আজ সকাল ১০টা  থেকে ১টা পর্যন্ত দফায় দফায় এ হামলা চালানো হয়।

আহত আল আমীন বলেন, আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর জামায়াত-শিবির আখ্যা দিয়ে তারা হামলা চালায়। সিরাজুল ইসলামের নেতৃত্বে ক্যাম্পাসের মূল ফটক দখল করে নেয়। 

পরবর্তীতে  সাধারণ শিক্ষার্থীরা হামলার পর বিক্ষোভ মিছিল করে কলাভবনের সামনের ফটক ভেঙে বাইরে বের হয়ে আসে এবং শাঁখারিবাজার মোড়ে হলের দাবিতে অবস্থান নেয়। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা শিক্ষার্থীদের ওপর পুনরায় হামলা চালায়। একই সঙ্গে ক্যাম্পাসের ভেতরে ধর্মঘটের সমর্থনে জড়ো হতে থাকা শিক্ষার্থীদের ওপরও হামলা চালানো হয়।

এতে বিশ্ববিদ্যালয়ে দায়িত্বরত কয়েকজন সাংবাদিক এ হামলায় আহত হন। সাংবাদিকদের ধারণ করা ছবি মুছে ফেলার জন্য তাঁদের ক্যামেরা ছিনিয়ে নেওয়া হয়। 

বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সদস্য মাসুম বিল্লাহ এ হামলার ঘটনার ছবি তুলতে গেলে ছাত্রলীগ নেতা সিরাজুল ইসলাম তাঁর ওপর হামলা করে। তাঁর মুঠোফোন কেড়ে নিয়ে মারধর করেন। এর পরিপ্রেক্ষিতে সাংবাদিক সমিতি জরুরি সভা ডেকে ছাত্রলীগের সব ইতিবাচক সংবাদ বর্জনের ঘোষণা দিয়েছেন। এনটিভি অনলাইনের সংবাদদাতা হামলার ছবি তুলতে গেলে ছাত্রলীগের বহিষ্কৃত নেতা আনিসুর রহমান শিশির তাঁর মুঠোফোন কেড়ে নিয়ে গালমন্দ করেন। 

মানবকণ্ঠের সংবাদদাতা ও বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মো. সোহেল মিয়া বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিককে মারধর করার ঘটনার প্রতিবাদে আমরা ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সব ইতিবাচক সংবাদ বয়কট করেছি। আমরা সুষ্ঠু তদন্ত করে এর বিচার চাই।’ 

সাধারণ শিক্ষার্থী সাবিনা ইয়াসমীন রূপা বলেন, ‘গত শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে যখন হলের দাবিতে  গণ সংহতি সমাবেশ ও আন্দোলন চলছিল, তখন ছাত্রলীগ এই আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে গিয়েছিল। কিন্তু বামপন্থীরা তা করতে দেয়নি। এই ক্ষোভেই আজ দুদিন যাবৎ তারা এ হামলা চালিয়েছে।’ 

হামলা চালানোর কথা অস্বীকার করে ছাত্রলীগ নেতা সিরাজুল ইসলাম বলেন, ‘আমরা এই হামলা করিনি। জামায়াত-শিবিরের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছে।’ 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নূর মোহাম্মদ বলেছেন, ‘সাংবাদিকদের ওপর হামলার ব্যাপারে লিখিত অভিযোগ পেলে হামলাকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’ 

পুলিশের লালবাগ জোনের উপকমিশনার (ডিসি) ইব্রাহিম খান বলেন, ‘ছাত্রছাত্রীদের যাতে কোনো দুর্ভোগ না হয় সেভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। এটি ছাত্রছাত্রীদের মৌলিক দাবি। আমরা এতে সমর্থন করি।’ 

এদিকে হামলার প্রতিবাদে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সোমবার বিকেল ৪টায় শাহবাগে অবস্থান কর্মসূচি করেছেন। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন