
নিউজ ডেস্কঃ গাজীপুরের টঙ্গী বাজার কালিমন্দিরে হামলা ও পুরোহিতকে লাঞ্ছিতের অভিযোগে মোবারক (২৮) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে পূজারিরা। জেলার টঙ্গী বাজার কালিমন্দিরে সোমবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, আটক মোবারক মানিকগঞ্জের ঘিওর থানার সাহাপাড়া এলাকার আব্দুল্লাহর ছেলে। সে টঙ্গীর বৌবাজার এলাকায় বসবাস করে। টঙ্গী থানার উপপরিদর্শক (এসআই) সিদ্দিক হোসেন জানান, আটক যুবকের কথা-বার্তা অসংলগ্ন। তার ব্যাপারে তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
পুরোহিত অনিল কুমার ভৌমিক জানান, কালিমন্দিরে জিকির করতে করতে প্রবেশ করে ৫-৬ জনের একদল যুবক। তারা মন্দিরে পূজার পরিবর্তে নামাজ পড়ার আহ্বান জানায়। এক পর্যায়ে তারা প্রতিমা নিয়ে টানাটানি করে। পুরোহিত প্রতিমা টানাটানিতে তাদেরকে বাধা দিলে যুবকরা তাকেও লাঞ্ছিত করে। পরে পুরোহিতের চিৎকারে আশপাশের লোকজন গিয়ে মোবারক নামে এক যুবককে আটক করে। তার সঙ্গে থাকা অন্য যুবকরা পালিয়ে যায় বলেও জানান তিনি।