
নিউজ ডেস্কঃ ঢাকা সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন।
আজ বেলা ১১টা ৪২ মিনিটে তিনি সেখানে পৌঁছান। এরপর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা জানানো শেষে জাদুঘরটি ঘুরে দেখেন তিনি।
সেখান থেকে দুপুর ১২টায় প্রধানমন্ত্রী কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। দুপুর ১টায় ইস্কাটনের রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দ্বিপাক্ষিক বৈঠকে করবেন পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী ও জন কেরি। কেরির সম্মানে সেখানেই মধ্যাহ্নভোজের আয়োজন রেখেছেন মাহমুদ আলী।
দিনের দ্বিতীয় ভাগে বিকেল ৩টায় জন কেরি ধানমন্ডি ২৭ নম্বরে অবস্থিত ইএমকে সেন্টারে নাগরিক সমাজ ও তরুণ প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন। বিকেল ৪টায় মিরপুরের শেওড়াপাড়া এলাকায় একটি বস্ত্র শিল্প কারখানা পরিদর্শন করবেন তিনি।
ঢাকার মার্কিন দূতাবাস ও চ্যান্সারি কমপ্লেক্সে সেখানকার কর্মীদের সঙ্গে বিকেল ৫টায় বৈঠক করার কথা রয়েছে। দিনভর ব্যস্ত সময়সূচি পার করে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে নয়াদিল্লির উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন জন কেরি।
এর আগে সকাল ১০টা ১০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর বিশেষ ফ্লাইট।
এরপর ১০টা ২৪ মিনিটে ফ্লাইট থেকে নামেন জন কেরি। বিমানবন্দরে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ঢাকায় পৌঁছাতে দেরি হওয়ার কারণে নির্ধারিত কর্মসূচিতে কিছুটা পরিবর্তন আসতে পারে।