
নিউজ ডেস্ক: ঝালকাঠির দুইজন বিচারক হত্যা মামলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য আসাদুল হক ওরফে আরিফের ফাঁসির রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। গতকাল প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহার নেতৃত্বে আপিল বিভাগের ৫ জন বিচারপতির বেঞ্চ এই খারিজ আদেশ দেন।
এখন জেএমবির শীর্ষ নেতা শায়খ আবদুর রহমান এবং সিদ্দিকুল ইসলাম বাংলা ভাইসহ ৬ জন জঙ্গির মতো আরিফকেও ফাঁসির দড়িতে ঝুলতে হবে। জানা যায়, আগামী ২১ থেকে ২৮ দিনের মধ্যে যেকোনো সময় তার ফাঁসি কার্যকর হবে। অবশ্য রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করতে পারবে জঙ্গি আরিফ।
বিগত ২০০৫ সালের আগস্টে সারা দেশে সিরিজ বোমা হামলা চালায় জেএমবি। আর এরই ধারাবাহিকতায় ২০০৫ সালের ১৪ নভেম্বর ঝালকাঠি জেলার সিনিয়র সহকারী জজ সোহেল আহম্মেদ ও জগন্নাথ পাঁড়ে বাসা থেকে আদালতে যাওয়ার পথে তাঁদের গাড়িতে বোমা হামলা চালায় জেএমবির সদস্যরা। এতে করে এই ঘটনায় দুজনই নিহত হন। আর আহত হন ঝালকাটি জেলা জজ আদালতের চতুর্থ শ্রেণির কর্মচারী আবদুল মান্নান ও দুধ বিক্রেতা বাদশা মিয়া। সেখানে হামলাকারী জঙ্গি ইফতেখার হোসেন মামুনও আহত হয়। মামুনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদে পরিকল্পিতভাবে বিচারকদের বহনকারী গাড়িতে হামলার কথা স্বীকার ও অন্য জঙ্গিদের নাম প্রকাশ করে।
ওই হত্যা মামলার রায়ে ২০০৬ সালের ২৯ মে ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ রেজা তারিক আহম্মেদ জেএমবির শীর্ষ নেতা শায়খ আবদুর রহমান, সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাই, শায়খের ভাই আতাউর রহমান সানি, জামাতা আবদুল আউয়াল, ইফতেখার হোসেন মামুন, খালেদ সাইফুল্লাহ (ফারুক) ও আসাদুল হক ওরফে আসাদুল ইসলাম ওরফে আরিফকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন। হাইকোর্ট এক রায়ে ২০০৬ সালের ৩১ আগস্ট প্রত্যেকের মৃত্যুদণ্ড বহাল রাখেন।
পরে বিগত ২০০৭ সালের ২৯ মার্চ ছয়জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এই ঘটনায় আরিফ পলাতক ছিল। পরে ২০০৭ সালের ১০ জুলাই গ্রেপ্তার হলে সে আপিল করে। হাইকোর্ট তার মৃত্যুদণ্ড বহাল রাখেন। আপিল বিভাগে আপিল করলেও তার মৃত্যুদণ্ড বহাল রাখা হয়। আর এরপর আবার রায় পুনর্বিবেচনার আবেদন করে আরিফ।