News71.com
 Bangladesh
 28 Aug 16, 10:52 PM
 312           
 0
 28 Aug 16, 10:52 PM

সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া পশুবাহী ট্রাক না থামাতে নির্দেশ ।।

সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া পশুবাহী ট্রাক না থামাতে নির্দেশ ।।

নিউজ ডেস্কঃ পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া মহাসড়কে কোরবানির পশুবাহী ট্রাক না থামাতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। তিনি রবিবার বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে আসন্ন ঈদে আইন-শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থা সংক্রান্ত সভায় সভাপতিত্বকালে এ নির্দেশ দেন।


উক্ত সভায় পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, অতিরিক্ত আইজিপি (প্রশাসন ও অপারেশনস্) মো: মোখলেসুর রহমান, র্যা বের মহাপরিচালক বেনজীর আহমেদ, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো: আছাদুজ্জামান মিয়া, সকল পুলিশ কমিশনার, রেঞ্জ, হাইওয়ে, রেলওয়ে, নৌ, ট্যুরিস্ট ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশসহ অন্যান্য ইউনিটের ডিআইজিবৃন্দ,সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারগণ, পুলিশ সদর দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং বিভিন্ন সংস্থার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

আইজিপি পবিত্র ঈদ-উল-আযহা নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে সড়ক, রেল ও নৌপথ, পশুর হাট এবং ঈদ জামাতস্থলসহ অন্যান্য স্থানে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন।

তিনি বলেন, 'ঈদ উদযাপন নির্বিঘ্ন করার লক্ষ্যে নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে। ঈদকে কেন্দ্র করে কোন ব্যক্তি বা গোষ্ঠী যাতে আইন-শৃঙ্খলার অবনতি ঘটাতে না পারে সেজন্য সংশ্লিষ্ট সকলকে সর্তক থাকতে হবে।'

আইজিপি ঈদে দায়িত্ব পালনকালে ফোর্সের সার্বিক সুযোগ-সুবিধা ও কল্যাণ নিশ্চিত করার জন্যও ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ দেন। পুলিশ প্রধান অপরিচিত ব্যক্তির কাছ থেকে পানীয় এবং খাবার গ্রহণ থেকে বিরত থাকার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি অজ্ঞান ও মলম পার্টির অপতৎপরতা রোধে জনগণের সচেতনতা ও সার্বিক সহায়তা কামনা করেন। পুলিশ সদর দফতরের এআইজি (কনফিন্ডেসিয়াল) মো: মনিরুজ্জামান পবিত্র ঈদ-উল-আযহাকে সামনে রেখে গৃহীত সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সভায় তুলে ধরেন।

সভায় ঈদ-উল-আযহার আইন-শৃঙ্খলা যেমন- সড়ক, নৌ ও রেলপথের নিরাপত্তা, কোরবানির পশু পরিবহণ ও হাটের নিরাপত্তা, ঈদ জামাতস্থলের নিরাপত্তা, পশুর চামড়া পাচার রোধ, ট্রাফিক ব্যবস্থাপনাসহ সার্বিক বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় নির্ধারিত ঘাট ব্যতীত কোরবানির পশু উঠানামা রোধ, পশুরহাটে অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন, পশুর হাট ইজারাদার কর্তৃক হাসিল হার প্রদর্শন, নির্ধারিত হারের অতিরিক্ত হাসিল আদায় না করা, কোরবানির পশু ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করা, পশুর হাটে জাল নোট শনাক্তকরণ মেশিন স্থাপন এবং যানবাহন চলাচল স্বাভাবিক রাখা ইত্যাদি বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সভায় কোরবানির পশু পরিবহণে ব্যবহৃত নৌকা ও ট্রাকে চাঁদাবাজি রোধে পুলিশ ও অন্যান্য সংস্থার সদস্যদের দায়িত্ব পালনের সিদ্ধান্ত হয়েছে।

সভায় জানানো হয়, ঈদে নৌ-পথে ঘরমুখো যাত্রীদের নিরাপদ ভ্রমণের লক্ষ্যে রাজধানীর সদরঘাট এবং বরিশালে কমিউনিটি নৌ-পুলিশ নিয়োজিত থাকবে। লঞ্চ চলাচল স্বাভাবিক রাখার জন্য নৌ-পুলিশ নিয়োজিত থাকবে। নৌ-পথে যাত্রীদের নিরাপত্তা এবং চাঁদাবাজি রোধে নৌ-পুলিশ ইউনিট অন্যান্য পুলিশ ইউনিটের সহায়তায় চেকপোস্ট স্থাপনসহ টহলের ব্যবস্থা করবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন