
নিউজ ডেস্কঃ সুপ্রিম কোর্টের সুপারিশের আলোকে নিম্ন আদালতের বিচারকদের চাকরি সংক্রান্ত শৃঙ্খলা বিধিমালা প্রণয়নের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আগামী ৬ নভেম্বরের মধ্যে ওই বিধিমালা প্রণয়ন করে তা প্রতিবেদন আকারে আদালতকে অবহিত করতে আইন মন্ত্রণালয়কে বলা হয়েছে। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের নয় বিচারপতির বেঞ্চ গতকাল রবিবার এই আদেশ দেন।
এতে আদালত বলেন, বিচারকদের শৃঙ্খলা সংক্রান্ত বিধিমালার একটি খসড়া করেছিলো সরকার। ওই খসড়াটি ছিল ১৯৮৫ সালের সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালার হুবুহু অনুরূপ। যা ছিল মাসদার হোসেন মামলার রায়ের পরিপন্থী। এরপর আমরা জাজেস কমিটি গঠন করে দেই। ওই কমিটি একটি খসড়া বিধিমালা করে সরকারের কাছে পাঠায়। কিন্তু ওই খসড়াটি আজো প্রণয়ন করা হয়নি। আদালত বলেন, এই বিধিমালা প্রণয়ন না হওয়ায় নিম্ন আদালতের অনেক বিচারকের বিরুদ্ধে অভিযোগ থাকার পরেও ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। এ ধরনের অনেক অভিযোগ ৫/৬ বছর ধরে মন্ত্রণালয়ে পড়ে আছে।
বাংলাদেশ বনাম মাসদার হোসেন মামলাটি আপিল বিভাগের দৈনন্দিন কার্যতালিকার এক নম্বর ক্রমিকে ছিল। বেলা সাড়ে ১১ টায় মামলাটি শুনানির আসে। এ সময় মাসদার হোসেনের পক্ষে ব্যারিস্টার এম আমীর উল ইসলাম এবং রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম উপস্থিত ছিলেন। আদেশ প্রদানের পূর্বে আদালত বলেন, বিধিমালা প্রণয়নে সরকার ১৪ বছরেও কোন পদক্ষেপ নেয়নি। সরকার যে খসড়া বিধিমালা করেছিলো সেটি ছিল 'জগাখিচুড়ি' প্রকৃতির। আদালত বলেন, মাসদার হোসেন মামলার রায়ের আলোকে বিধিমালা/আইনটি করতে হবে। আমরা মনে সরকার এটি প্রণয়নে সহযোগিতা করবে।
অ্যাটর্নি জেনারেল বলেন, বিচার বিভাগ আইন প্রণয়নের জন্য সরকারকে সরাসরি বলতে পারে না। আর এ বিষয়ে আদালতের নির্দেশ দেওয়া ঠিক হবে না। আদালত বলেন, আপনারা যখন সংবিধান ও আইনের পরিপন্থী কিছু করেন তখনই আমাদের হস্তক্ষেপ করতে হয়।
১৯৯৯ সালের ২ ডিসেম্বর মাসদার হোসেন মামলায় ১২দফা নির্দেশনা দিয়ে রায় দেয়া হয়। ওই রায়ের আলোকে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক হয়। গত বছরের ৭ মে আইন মন্ত্রণালয় থেকে একটি খসড়া শৃঙ্খলাবিধি তৈরি করে সুপ্রিমকোর্টে পাঠায়।