
নিউজ ডেস্কঃ বাংলাদেশ কেমিকেল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) নিয়ন্ত্রণাধীন ডায় অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (ডিএপিএফসিএল) বিস্ফোরিত অ্যামোনিয়া ট্যাংক ও ডিএপি প্ল্যান্ট পরিদর্শন করেছে ১২ সদস্যের চীনা প্রতিনিধি দল।
আজ রবিবার (২৮ আগস্ট) সকাল ৮.৩০ মিনিটের দিকে চায়না কমপ্ল্যান্টের ভাইস প্রেসিডেন্টের নেতৃত্বে ১২ সদস্যের প্রতিনিধি দল আনোয়ারায় দুর্ঘটনাকবলিত ডিএপি প্ল্যান্ট পরিদর্শন করেন। প্রতিনিধি দলের সঙ্গে বিসিআইসির কর্মকর্তারাও ছিলেন। ২০০৬ সালে ‘চায়না কমপ্ল্যান্ট’ নামের চীনা প্রতিষ্ঠান ডিএপি প্ল্যানটি তৈরি করে দিয়েছিল।
ডিএপিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক অমল কান্তি বড়ুয়া বলেন, প্রতিনিধি দল আজ রাতেই চট্টগ্রাম ত্যাগ করবেন। ঢাকায় দিয়ে তারা পরিদর্শন প্রতিবেদন তৈরি করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
উল্লেখ্য, গত ২২ আগস্ট রাতে ডিএপি-১ প্ল্যান্টের ৫০০ টন ধারণক্ষমতার একটি অ্যামোনিয়া রিজার্ভ ট্যাংক বিস্ফোরণ হয়। এ সময় অ্যামোনিয়া গ্যাসের বিষক্রিয়ায় অর্ধশতাধিক নারী-পুরুষ শ্বাসকষ্ট নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি হন। ওই গ্যাস বাতাসের ধাক্কায় কর্ণফুলী নদী পেরিয়ে চট্টগ্রাম শাহ্ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, কাঠগড়, ইপিজেড, পতেঙ্গা ও হালিশহর এলাকায় চলে আসে। এতে মানুষ শ্বাসকষ্টে ভোগেন। বিস্ফোরণের পর কারখানার আশপাশে মরে যায় মাছ, মারা যায় গরু। ব্যাপক ক্ষতি হয় পরিবেশের।